দক্ষিণ অফ্রিকায় নিহত চারজনের লাশ দেশে এসেছে, আজ দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের বহনকারী গাড়িটি লরির নিচে চাপা পড়ে
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজনের লাশ বৃহস্পতিবার বিকেলে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে আনা হয়েছে। শুক্রবার সকালে ফেনীতে তাঁদের নিজ নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁদের লাশ দাফন করার কথা রয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।

গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোররাতে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের লোকানকায় সড়ক দুর্ঘটনায় ১০ বছরের এক শিশুসহ ৬ বাংলাদেশি নিহত হন। ওই বাংলাদেশিদের বহনকারী একটি প্রাইভেট কার ওয়েস্টার্ন কেপ থেকে কেপটাউন বিমানবন্দরে যাচ্ছিল।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। নিহত ব্যক্তিরা হলেন আবুল হোসেন (৪৫), তাঁর ছেলে নাদিম হোসেন (১০), রাজু আহমেদ (৩৪), ইসমাইল হোসেন (৩৮) ও মোস্তফা কামাল (৪০)। এ ছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক মিলন (৩৮)। নিহত ব্যক্তিদের সবার বাড়ি ফেনী জেলার বিভিন্ন উপজেলায়।

আরও পড়ুন

স্বজনেরা জানান, ১০ বছরের শিশু নাদিমের লাশ দক্ষিণ আফ্রিকায় দাফন করা হয়েছে। এখন আনা হয়েছে আবুল হোসেন, রাজু, ইসমাইল ও মোস্তফার লাশ। আনিসুলের লাশ আসবে পরে।

আরও পড়ুন

ফেনী সদর উপজেলার বিরলী গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেনের ভাই নিজাম উদ্দিন বৃহস্পতিবার রাত ১১টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিকেল ৫টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে চারজনের লাশ দেশে এসেছে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়। লাশ নিয়ে নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন তাঁরা।

নিজাম উদ্দিন আরও জানান, শুক্রবার সকালে নিজ নিজ এলাকায় পারিবারিক কবরস্থানে ওই চারজনের লাশ দাফনের কথা রয়েছে।

আরও পড়ুন