ফুটবলারদের ওপর হামলা নারীবিদ্বেষী মনোভাবেরই ফল, শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবের সামনে বৃষ্টিতে ভিজে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সংগঠনের কর্মীরা। ঢাকা, ৭ আগস্ট
ছবি: খালেদ সরকার

খুলনার বটিয়াঘাটা উপজেলায় বিভাগীয় অনূর্ধ্ব-১৭ দলের চার নারী ফুটবলারকে মারধর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ফুটবল খেলার প্রয়োজনে পরা পোশাকের কারণে কটূক্তি ও নারীর ওপর হামলা সমাজে বিদ্যমান নারীবিদ্বেষী মনোভাবেরই ফল। এটা মেনে নেওয়া যায় না। হামলায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

গত ২৯ জুলাই বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামে চার নারী ফুটবলারকে মারধরের ঘটনার প্রতিবাদে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফর্ম সামাজিক প্রতিরোধ কমিটি এ মানববন্ধনের আয়োজন করে।

বৃষ্টির মধ্যেই মানববন্ধনে অংশ নেয় বাংলাদেশ মহিলা পরিষদ, মানুষের জন্য ফাউন্ডেশন, ব্র্যাক, দ্য হাঙ্গার প্রজেক্ট, একশনএইড, নারীমুক্তি সংসদ, নারী ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা। মানববন্ধনে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম।

খুলনা অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলার সাদিয়া নাসরিনের (১৭) খেলার ছবি তুলে তার পরিবারকে দেখিয়ে আপত্তিকর কথা বলেন নূপুর খাতুন নামের স্থানীয় এক নারী। এর প্রতিবাদ করায় সাদিয়া ও তার তিন সতীর্থ মঙ্গলী বাগচী (১৯), হাজেরা খাতুন (১৯) ও জুঁই মণ্ডল (১৭) হামলার শিকার হন।

আরও পড়ুন

ফওজিয়া মোসলেম বলেন, দেশের নারীরা শত প্রতিকূলতা মোকাবিলা করে এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে। অথচ নারী ক্রীড়াবিদদের বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা হচ্ছে না। লৈঙ্গিক পরিচয়ের কারণে নারীরা বারবার নির্যাতন, হয়রানি ও অবমাননার শিকার হচ্ছেন। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়।

সমাবেশে বক্তারা বলেন, নারী ফুটবলাররা যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে, তা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ ক্ষেত্রে নারী ফুটবলারদের ওপর হামলাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে নারীদের খেলাধুলায় অংশ নেওয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এটা মেনে নেওয়া যায় না। সমাবেশে বক্তারা নারী ফুটবলারদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন

বিগত সময়ে ঘটে যাওয়া নারী খেলোয়াড়দের ওপর হামলার ঘটনার বিচার নিশ্চিত করা গেলে এ হামলার পুনরাবৃত্তি হতো না মন্তব্য করে বক্তারা বলেন, খেলাধুলার জন্য নারীদের অপদস্থ করার ঘটনা কোনোভাবেই কাম্য নয়। নারী খেলোয়াড়দের প্রতি হামলার ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, এ জন্য নারীবিদ্বেষী শক্তিকে প্রতিহত ও প্রতিরোধ করতে হবে আমাদের। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন দ্য হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি দিলীপ সরকার, মানুষের জন্য ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়ক মহুয়া লেয়া, একশনএইডের নুরুন্নাহার, নারীমুক্তি সংসদের শিউলি সিকদার, নারী ঐক্য পরিষদের শাহানা ফেরদৌস, মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, কর্মজীবী নারীর জোবাইদা উর্মি প্রমুখ।

আরও পড়ুন
আরও পড়ুন