স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় হাজিরা দিলেন অভিনেতা আলভী
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় মাকে সঙ্গে নিয়ে আদালতে হাজিরা দিয়েছেন ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া (জাহের আলভী)। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে আলভী ও তাঁর মা নাসরিন সুলতানা হাজিরা দেন।
এ মামলায় গত ৩ আগস্ট উচ্চ আদালত থেকে জামিন পান আলভী।
আজ মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেনি। পরে আদালত আগামী ২৮ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করে আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী আবজাল হোসাইন মৃধা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা জমা দিতে না পারায় আদালত আগামী ২৮ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন। তবে আদালত ধার্য তারিখ পর্যন্ত তাঁর জামিনের মেয়াদ বাড়িয়েছেন। অসুস্থতার কারণে মামলার বাদী ইকরার বাবা কবির হায়াত খান আদালতে আজ উপস্থিত হতে পারেনি।’
আদালতে হাজিরা শেষে মাকে নিয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলভী বলেন, ‘আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।’
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে জাহের আলভীর স্ত্রী ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সময় জাহের আলভী নেপালে ছিলেন।
ওই দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মিরপুর মডেল থানায় ওই মামলা করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে আফরা ইভনাথ আত্মহত্যা করতে বাধ্য হন। এ ঘটনায় জাহের আলভীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।
এই মামলায় গত ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। এরপর ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জাহের আলভী। তবে সেদিন আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে দুই দিনের রিমান্ডে নেয় তদন্ত কর্মকর্তা। এরপর উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন আলভী।
আফরা ইভনাথ ও জাহের আলভী ২০১০ সালে বিয়ে করেন। তাঁদের এক ছেলেসন্তান রয়েছে।