সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ; বিআরটিএর চিঠি নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিআরটিএ

সড়ক দুর্ঘটনার হতাহতের পরিসংখ্যান প্রকাশের আগে ‘সরেজমিনে তথ্যাদি যাচাই–বাছাইপূর্বক’ সেটা বিআরটিএকে অবহিত করতে বলা হয়েছে। সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা নিয়ে কাজ করছে, এমন বেসরকারি সংগঠনগুলোকে গত ১১ এপ্রিল চিঠি দিয়ে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ কথা বলেছে।

‘যাচাই–বাছাই ব্যতীত সড়ক দুর্ঘটনার তথ্য/পরিসংখ্যান প্রকাশ করা প্রসঙ্গে’ শীর্ষক বিআরটিএর এই চিঠি নিয়ে প্রশ্ন তুলেছে বেসরকারি সংগঠনগুলো। তারা বলছে, বিআরটিএ দুর্ঘটনা কমাতে পদক্ষেপ না নিয়ে নিজেদের দুর্বলতা ঢাকতে চায়। এ লক্ষ্যে তারা সড়ক দুর্ঘটনার তথ্য প্রকাশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে।

বিআরটিএর পরিচালক (সড়ক নিরাপত্তা) শেখ মোহাম্মদ মাহবুব–ই–রাব্বানীর সই করা চিঠিতে বলা হয়, গত মার্চের সড়ক দুর্ঘটনা নিয়ে রোড সেফটি ফাউন্ডেশন ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি দুই রকম তথ্য দিয়েছে। বিআরটিএ যাচাই করে দেখেছে, প্রকৃত তথ্যের চেয়ে একটি সংগঠনের হিসাবে হতাহতের সংখ্যা বেশি দেখানো হয়েছে।

তবে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, কোনো সংগঠন ২০টি সংবাদপত্র দেখে যাচাই-বাচাই করে পরিসংখ্যান তৈরি করে। আবার কোনো সংগঠন ১২টি সংবাদপত্র দেখে পরিসংখ্যান তৈরি করে। এ কারণে পরিসংখ্যানে তারতম্য হয়। সেটার ব্যাখ্যা বা তথ্যসূত্র প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মোজাম্মেল হকের দাবি, বেসরকারি সংগঠনের পরিসংখ্যানে হতাহতের যে হিসাব উঠে আসে, তার চেয়ে প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ, সড়ক দুর্ঘটনার সব মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশিত হয় না।

বিআরটিএ বলছে, বেসরকারি সংগঠনগুলো সড়ক দুর্ঘটনার তথ্যাদি শুধু গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে নিয়মিতভাবে প্রকাশ করছে। পরিসংখ্যানের তারতম্যের কারণে এ নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছে।

তবে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন,  যাচাই-বাছাই করে একটি গ্রহণযোগ্য পদ্ধতি ব্যবহার করে তাঁরা পরিসংখ্যান তৈরি করেন। দু–একটি ভুঁইফোড় সংগঠন ভুল তথ্য দিচ্ছে, সেই সুযোগ নিচ্ছে বিআরটিএ। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিসংখ্যান প্রকাশ করা হলে বিআরটিএ মনে করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। কিন্তু সঠিক চিত্র না থাকলে দুর্ঘটনা রোধে সরকারের সদিচ্ছা থাকলেও ব্যবস্থা নিতে পারে না। বেসরকারি সংগঠনগুলো সঠিক চিত্র তুলে ধরার চেষ্টা করছে।