ফরিদপুরের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম
ফরিদপুর জেলায় সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদিত হয়। সেখানে নতুন ফসল আসার সঙ্গে সঙ্গে বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। কেজিপ্রতি অন্তত ৩০ টাকা কমেছে পেঁয়াজের দাম।
ফরিদপুর শহর ও আশপাশের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি নতুন পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর পুরোনো পেঁয়াজ ১৬০ থেকে ১৭০ টাকায়।
খুচরা বিক্রেতারা জানান, নতুন পেঁয়াজের দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা এবং পুরোনো পেঁয়াজের দাম ২০ থেকে ৩০ টাকা কমেছে। কয়েক দিন আগে নতুন পেঁয়াজ ১৪৫ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও পুরোনো পেঁয়াজ বিক্রি হয়েছিল ২০০ টাকা কেজি দরে।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব ও জলাবদ্ধতার কারণে প্রাথমিকভাবে পেঁয়াজ কাটা বিলম্বিত হয়। তবে পানি কমে যাওয়ায় কৃষকেরা আংশিক ফসল তুলতে শুরু করেছেন।
প্রতিবেশী দেশ ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের পর অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম নিয়ে কারসাজি করছে বলেও অভিযোগ করেন আনোয়ার হোসেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম জানান, ফরিদপুরে প্রাথমিকভাবে তিনটি জাতের পেঁয়াজ উৎপাদিত হয়। শীতকালীন মুড়িকাটা এবং গ্রীষ্মকালীন হালি ও ডানা।
রফিকুল ইসলাম আরও জানান, চলতি মৌসুমে ফরিদপুরে প্রায় সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে এক লাখ টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।