প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিক নেতারা
‘পুরোনো পণ্য নতুন মোড়কে পরিবেশন হলে সাংবাদিক সমাজ মেনে নেবে না’
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা। তারা বলেছেন, প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে হবে। কারণ এই আইনে নিবর্তনমূলক ধারা সংযুক্ত করা হতে পারে। সেসব ধারার অপপ্রয়োগ স্বাধীন সাংবাদিকতায় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। পুরোনো পণ্য নতুন মোড়কে পরিবেশন করা হলে সাংবাদিক সমাজ কোনোভাবে মেনে নেবে না।
আজ বৃহস্পতিবার বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক যৌথ বিবৃতি এসব কথা বলেছেন।
সাংবাদিক নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, অংশীজনদের এড়িয়ে গিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছিল। সেই সময় থেকে আইনটির নিবর্তনমূলক ধারা বাতিলের দাবি জানিয়ে আসছিল সাংবাদিক সমাজ। দীর্ঘদিন পরে হলেও সরকারের মন্ত্রিসভা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি সাধুবাদ জানাই।
পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে চলমান মামলাগুলো বাতিলের দাবি জানান সাংবাদিক নেতারা। তারা আরও বলেন, প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার ঘোষণার ভাবাদর্শকে অক্ষুন্ন রাখতে হবে। অপরদিকে এই আইনে অনধিক ২৫ রাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হবে, আইনমন্ত্রীর এমন বক্তব্যে সাংবাদিক সমাজে হতাশা নেমে এসেছে।
যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা আরও বলেন, ‘আমরা আশঙ্কা করছি ডিজিটাল নিরাপত্তা আইনে মতো সাইবার নিরাপত্তা আইনেও কতিপয় নিবর্তনমূলক ধারা সংযুক্ত করা হতে পারে যে সব ধারার অপপ্রয়োগ স্বাধীন সাংবাদিকতার অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।’