জাবির সাবেক উপাচার্য ফারজানা ও তাঁর স্বামীর আয়কর নথি জব্দের আদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলামফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলাম ও তাঁর স্বামী মো. আখতার হোসেনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সংস্থাটির সহকারী পরিচালক খোরশেদ আলম।

আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং তাঁর স্বামী, ছেলে ও তৃতীয় পক্ষের মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ–বাণিজ্যের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেনসহ দুই সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

আরও পড়ুন

দুদকের আবেদনে আরও বলা হয়, ফারজানা ইসলাম ও তাঁর স্বামী আখতার হোসেন বিপুল পরিমাণ স্থাবর–অস্থাবর সম্পদ গোপন করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

এর আগে গত ফেব্রুয়ারিতে ফারজানা ইসলাম, তাঁর স্বামী আখতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।