উপাত্ত দেশে রাখলে আইটি বাণিজ্যে প্রভাব পড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটি বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের সবচেয়ে ভালো মানের ডেটা সেন্টার। গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত
ছবি: সংগৃহীত

উপাত্ত সুরক্ষা নিয়ে কঠোর নীতি কার্যকর করতে যাচ্ছে বাংলাদেশ। এই নীতি অনুযায়ী স্থানীয় সব উপাত্ত দেশেই রাখতে হবে। এতে দেশের প্রতিশ্রুতিশীল আইটি খাতের রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কঠোর নীতির পরিবর্তন না হলে ডিজিটাল উন্নয়নের দৌড়ে পিছিয়ে পড়বে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ফাউন্ডেশনের (আইটিআইএফ) প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুধু বাংলাদেশ নয়, হংকং, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ভিয়েতনামও একই নীতি বাস্তবায়ন করতে যাচ্ছে। গত বছরের ১২ ডিসেম্বর আইটিআইএফ ‘বাংলাদেশ, হংকং, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ভিয়েতনামে ডেটা স্থানীয়করণ নীতির মাশুল’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করে।

আইটিআইএফ একটি অলাভজনক, নিরপেক্ষ গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রযুক্তিগত উদ্ভাবনকে এগিয়ে নিতে নীতিগত সমাধান প্রণয়ন, মূল্যায়ন ও প্রসারে কাজ করে থাকে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে বলা হয়, দেশেই উপাত্ত স্থানীয়করণ নীতি বাস্তবায়নে বিধিনিষেধের স্কোর ২ বাড়লে আগামী পাঁচ বছর পর বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ প্রায় ৬ শতাংশ কমবে। পাশাপাশি আমদানি কমবে ৭ দশমিক ৭ শতাংশ। আবার আমদানি ব্যয় বাড়তে পারে ২ শতাংশ।

সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ (আইসিটি) ‘উপাত্ত সুরক্ষা আইন, ২০২২’ করতে যাচ্ছে। আইনটির সর্বশেষ খসড়ায় বলা আছে, সংবেদনশীল উপাত্ত, ব্যবহারকারীর সৃষ্ট উপাত্ত, শ্রেণিবদ্ধ উপাত্ত বাংলাদেশেই সংরক্ষণ করতে হবে।

উপাত্ত স্থানীয়করণ নীতি বাস্তবায়ন করলে বাণিজ্য প্রায় ৬ শতাংশ কমবে। উপাত্ত মজুত নীতি বাংলাদেশের বাণিজ্য কমাবে এবং আমদানি ব্যয় বাড়াবে।

সরকারের এ নীতির সমালোচনা করে আইটিআইএফ বলছে, উপাত্ত মজুত নীতি দেশের অর্থনীতির ওপর প্রভাব ফেলবে। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও তথ্যপ্রযুক্তি খাত বেশি এগিয়ে যাচ্ছে। দেশের আইটি খাতের রপ্তানিও বছর বছর বাড়ছে। ফ্রিল্যান্সিংয়ে বিশ্বে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। বাংলাদেশে ক্রিয়েটিভ ও মাল্টিমিডিয়ার কাজ বেশি হয়। অনলাইন শ্রমবাজারের ১৫ শতাংশই বাংলাদেশি।

আরও পড়ুন

নিয়ন্ত্রণই যখন লক্ষ্য

আইটিআইএফ বলছে, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, হংকং ও ভিয়েতনাম উপাত্ত স্থানীয়করণ নীতি বিবেচনা ও কার্যকর করার ক্ষেত্রে বিভিন্ন বিভ্রান্তিতে প্রভাবিত হয়েছে। উপাত্তের গোপনীয়তা রক্ষার স্বার্থে সাইবার নিরাপত্তা, আইনপ্রয়োগকারী সংস্থা ও জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে উপাত্ত স্থানান্তরের ওপর বিধিনিষেধ কার্যকরের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিবেশী ভারত ও চীন দ্বারা প্রভাবিত। বিষয়টি বাংলাদেশের উপাত্ত সুরক্ষা আইনের খসড়া ও জাতীয় ক্লাউড নীতিতেই স্পষ্ট।

বাংলাদেশ উপাত্তের গোপনীয়তা, আধেয় (কনটেন্ট) পরিমার্জন করছে, যা অন্য কোনো দেশ করে না। এ দেশের তথ্যপ্রযুক্তি বাজার যখন উদীয়মান, তখন এ ধরনের আইন বিপজ্জনক। বাংলাদেশকে এর মাশুল দিতে হবে বলে আইটিআইএফ সতর্ক করেছে।

আইটিআইএফের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি নীতিনির্ধারকেরা অর্থনৈতিক, সামাজিক ও আইনি স্বার্থের চেয়ে উপাত্ত, উপাত্তের প্রবাহ ও ডিজিটাল প্রযুক্তির ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিচ্ছেন। উপাত্ত নিয়ন্ত্রণের জন্য তাঁরা যেসব যুক্তি দাঁড় করাচ্ছেন, তা আদর্শিক মনে হলেও শেষ পর্যন্ত তা অবাস্তব। পাশাপাশি ব্যক্তির উপাত্তে তাঁদের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকারের সুযোগ থাকবে। সরকার আশা করছে, এ ধরনের নীতিমালার ফলে উপাত্তের নিয়ন্ত্রণ বাংলাদেশ পাবে। পাশাপাশি অন্যান্য দেশের সরকার (যেমন যুক্তরাষ্ট্র) তাদের সংস্থাগুলোকে তথ্য হস্তান্তরে বাধ্য করবে। বাংলাদেশ সরকার মনে করে, উপাত্ত সুরক্ষার ক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তা ও রাজনৈতিক বিষয় ছাড়াও ভূরাজনৈতিক উদ্বেগও বিবেচনা করতে হচ্ছে।

নিরাপত্তা ও কাঠামোগত সুবিধার চেয়ে স্থানীয়করণে তোড়জোড়
বাংলাদেশের নীতিনির্ধারকেরা আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তে উপাত্ত স্থানীয়করণের ওপর বেশি জোর দিচ্ছেন বলে আইটিআইএফের প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর বাংলাদেশ ভীষণ হতাশ। কারণ, তাদের কাছে সরকার যখন কোনো তথ্য চায়, প্রতিষ্ঠানগুলোর নিজস্ব নীতির সঙ্গে না মিললে তা সরবরাহ করা হয় না।

আরও পড়ুন

বাংলাদেশ সরকার মনে করে, উপাত্ত যখন একটি দেশের সীমানার মধ্যে সংরক্ষণ করা হয়, তা আরও বেশি নিরাপদ থাকে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই উপাত্ত স্থানীয়করণ বাণিজ্যিক গোপনীয়তা বা উপাত্তের নিরাপত্তা বাড়ায় না।

আইটিআইএফ বলেছে, উপাত্ত নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো একাধিক দেশে ব্যবসা করে বলে তারা একটি নির্দিষ্ট নীতি মেনে চলে।

উপাত্তের গোপনীয়তা সাধারণত কোনো দেশে তথ্য সংরক্ষণ করার ওপর নির্ভর করে না। এটা নির্ভর করে সংরক্ষণ ব্যবস্থার ওপর। উপাত্তের সুরক্ষা নির্ভর করে পরিষেবা দানকারীর প্রযুক্তিগত, অবকাঠামোগত ও প্রশাসনিক নিয়ন্ত্রণের ওপর।

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, দেশের অনেক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের সার্ভার দেশের বাইরে সংরক্ষণ করা হয়ে থাকে। তাদের দেশে উপাত্ত সংরক্ষণ করতে হলে নিরাপত্তা ও অবকাঠামোগত সুবিধা দিতে হবে। আস্থা, দক্ষতা ও নিরাপদ পরিবেশের সঙ্গে বিষয়গুলো জড়িত।

আরও পড়ুন

কেমন হওয়া উচিত নীতিমালা

আইটিআইএফের মতে, ডিজিটাল উন্নতি বলতে উপাত্তের অবস্থান ও ডেটা সেন্টার বোঝায় না। বাংলাদেশের কিছু নীতিনির্ধারক ডেটা সেন্টারের ওপর জোর দেন। কারণ, তাঁরা উপাত্ত স্থানীয়করণভিত্তিক ডিজিটাল সার্বভৌমত্বের ব্যাপারে আগ্রহী। তাঁরা মনে করেন, উপাত্ত হচ্ছে নতুন তেল।

উপাত্ত স্থানীয়করণ হলে ইন্টারনেটে প্রবেশাধিকার কমবে এবং এটিকে আরও ব্যয়বহুল ও জটিল করে তুলবে। পাশাপাশি উদ্ভাবনও কমাবে উল্লেখ করে আইটিআইএফ কিছু সুপারিশ করেছে। উন্নয়নশীল দেশের জন্য ডিজিটাল হওয়ার ক্ষেত্রে এবং উন্নয়নের প্রাথমিক পর্যায়ে স্মার্ট ডেটা গভর্নেন্স ফ্রেমওয়ার্ক বেশি গুরুত্বপূর্ণ।

আইটিআইএফ বলছে, এসব উন্নয়শীল দেশের সরকার বুঝতে পারছে না, ইন্টারনেট একটি বৈশ্বিক প্রযুক্তির প্ল্যাটফর্ম। স্থানীয় ডিজিটাল পরিষেবাগুলোর অবশ্যই বৈশ্বিক সংযোগ থাকবে। স্থানীয়করণের পরিবর্তে সরকারের উচিত সংশ্লিষ্ট অংশীদারদের (আন্তর্জাতিক অংশীদারসহ) সঙ্গে উপাত্ত স্থানান্তর চুক্তিতে গুরুত্ব দেওয়া।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আইনি সহায়তা চুক্তি নেই। এ ধরনের চুক্তির মাধ্যমে সাধারণত উভয় দেশের মধ্যে তথ্য সংগ্রহ ও বিনিময় হয়ে থাকে। বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলো এসব বিবেচনায় নিতে পারে।

আরও পড়ুন

বাধাহীন ডিজিটাল পেমেন্ট (অর্থ পরিশোধ) পরিষেবা আন্তসীমান্ত ই-কমার্স ও ডিজিটাল বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু স্থানীয়করণ নীতি ও অর্থ পরিশোধে বিধিনিষেধ এলে তাতে নেতিবাচক প্রভাব পড়বে। এ ক্ষেত্রে বাংলাদেশ অন্যান্য আঞ্চলিক আর্থিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে পারে।

বাংলাদেশের উপাত্ত সুরক্ষা আইন প্রণয়নের উদ্যোগ প্রসঙ্গে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, বাংলাদেশের সমপর্যায়ের অর্থনীতির দেশগুলো কী ধরনের নীতি নিচ্ছে, সেখানে এর প্রভাব কী—এসব বিবেচনায় নিয়েই আইনটি হওয়া প্রয়োজন।

আরও পড়ুন