তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গুলশান কার্যালয়ে নেতা–কর্মীদের ভিড়

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সকাল থেকে জড়ো হন দলটির নেতা–কর্মীরা। আজ শনিবার দুপুরেছবি: প্রথম আলো

জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি জোট। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার পর দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে সারা দেশ থেকে রাজধানী আসছেন বিজয়ী প্রার্থী ও নেতা–কর্মীরা। আজ শনিবার সারা দিন বিএনপির গুলশান কার্যালয়ে ভিড় ছিল তাঁদের।

সরেজমিনে কার্যালয়ের সামনে দেখা যায়, সকাল থেকে নেতা–কর্মীরা তাঁকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে কার্যালয়ের সামনে জড়ো হন। তবে নিরাপত্তার কারণে কার্যালয়ের ভেতরে সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসা জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ নেতা, নির্বাচিত সংসদ সদস্য এবং তাঁদের সীমিতসংখ্যক প্রতিনিধিরা শুধু ভেতরে ঢোকার সুযোগ পাচ্ছেন। অন্য নেতা-কর্মীরা বাইরে রয়েছেন।

বেলা ১১টার দিকে বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাফুফের সভাপতি তাবিথ আউয়াল কার্যালয়ে আসেন। সোয়া ১১টার দিকে আসেন দলের ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন।

গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা-৯ আসন থেকে নির্বাচিত হাবিবুর রশিদ। তাঁর পাশেই মাগুরা-২ আসনে জয়ী বিএনপির নেতা নিতাই রায় চৌধুরী
ছবি: সংগৃহীত

দুপুর ১২টায় রাঙামাটি আসন থেকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ান তাঁর অনুসারীদের নিয়ে কার্যালয়ে আসেন। আর সাড়ে ১২টার দিকে আসেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

দুপুরের দিকে সিএসএফ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কার্যালয়ে দেখা যায়। নেতা-কর্মীরা ফটকের এক পাশে দাঁড়িয়েছিলেন।

আরও পড়ুন
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে প্রবেশ করছেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার দুপুরে
ছবি: প্রথম আলো

বেলা পৌনে একটার দিকে তারেক রহমানের গাড়িবহর কার্যালয়ের সামনে এসে পৌঁছায়। এ সময় বাইরে অপেক্ষমাণ নেতা-কর্মীরা হাত নেড়ে তাঁকে শুভেচ্ছা জানান।

বেলা সোয়া একটার দিকে কার্যালয়ে ঢোকেন ঢাকা-১৩ আসনের বিএনপি–সমর্থিত নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। বেলা দেড়টায় আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি গাড়ি থেকে নেমে সরাসরি কার্যালয়ে ঢুকে যান।

আরও পড়ুন
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সেলফি তুলছেন এক ব্যক্তি। ১৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: প্রথম আলো

লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর–১ আসনে বিজয়ী শাহাদাত হোসেন সেলিম। কার্যালয় থেকে বেরিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘শুভেচ্ছা জানাতে এসেছি। আনুষ্ঠানিক কোনো কিছু না। আগামী সোমবার আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।’

আরও পড়ুন