হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, তিনজনই সিলেট বিভাগের

হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে শিশুফাইল ছবি: প্রথম আলো

দেশে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৯টি শিশু।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯২২ শিশু। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪৭ জনের। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৮টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫টি শিশুর; অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৯৩টি শিশু মারা গেছে।

সর্বশেষ মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে সিলেট ছাড়া ঢাকা ও চট্টগ্রামে একটি করে শিশু রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই সময়ে ঢাকা বিভাগে ৯০ শিশু, চট্টগ্রামে ৩২, ময়মনসিংহে ১১, বরিশালে ৯, রংপুর ৩ এবং সিলেট ও খুলনায় ১ জন করে হামে আক্রান্ত হয়েছে।

এ ছাড়া এই সময়ে ৮৮৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১১টি শিশু।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৫৭০, আর নিশ্চিত হামের রোগীর সংখ্যা ১৪ হাজার ৫৭৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১ হাজার ২৬ রোগী, যাদের মধ্যে ৯৭ হাজার ৫৩২ জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে।

এদিকে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হাম নিয়ে ভর্তি রোগীদের ওপর করা এক গবেষণায় দেখা গেছে, ৮০ শতাংশ শিশু হামের টিকা পায়নি। অন্য অনুসন্ধানে দেখা গেছে, হামে মারা যাওয়া শিশুদের ৫২ শতাংশের বয়স ছিল ৯ মাসের কম। বিশেষজ্ঞরা বলছেন, দেশে হাম ও টিকা নিয়ে আরও গভীর অনুসন্ধান হওয়া দরকার।

আরও পড়ুন