নতুন পদ্ধতিতে রেলের টিকিট কাটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের মাধ্যমে নিবন্ধন বাধ্যতামূলক করে আন্তনগর ট্রেনের টিকিট কাটার পদ্ধতি চালু।

  • নিবন্ধন নিয়ে অনেকেই ভোগান্তিতে। ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ বড় স্টেশনগুলোতে একই চিত্র।

  • রেলওয়ে বলছে, নতুন পদ্ধতি আত্মস্থ করতে কিছুদিন সময় লাগবে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত

নতুন পদ্ধতিতে রেলের টিকিট কাটা চালুর পর যাত্রীরা মিশ্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। কেউ বলেছেন, এটি ভোগান্তির। কারও মতে আগে টিকিট বিক্রি শুরুর পরপরই উধাও হয়ে যেত। নতুন পদ্ধতিতে টিকিট পাওয়া যাচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে, এই নতুন পদ্ধতি আত্মস্থ করতে মানুষের কিছুদিন সময় লাগবে।

গতকাল বুধবার জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের মাধ্যমে নিবন্ধন বাধ্যতামূলক করে আন্তনগর ট্রেনের টিকিট কাটার পদ্ধতি চালু হয়েছে। সকালে কমলাপুর রেলস্টেশনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ‘টিকিট যার ভ্রমণ তার’ শীর্ষক নতুন পদ্ধতি চালু করেন। এ সময় তিনি রেলের কর্মকর্তাদের হাতে পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন তুলে দেন। এ মেশিনের মাধ্যমে ট্রেনের ভেতর যাত্রীদের টিকিট যাচাই করা হয়।

আরও পড়ুন
আরও পড়ুন

রেলওয়ে সূত্র জানায়, ২০২২ সালের ২৬ মার্চ থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে অনলাইনে নিবন্ধন শুরু হয়। গতকাল থেকে এটা বাধ্যতামূলক করা হয়েছে। সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ দিয়ে যাচাই করার বিষয় যুক্ত করা হয়েছে। গতকাল পর্যন্ত অনলাইনে নিবন্ধন হয়েছে প্রায় ২০ লাখ। জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন দিয়ে যাচাই শুরু হয়েছে গত ১৬ ফেব্রুয়ারি। গতকাল পর্যন্ত জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র দিয়ে যাচাই হয়েছে প্রায় ৫ লাখ। যাচাই মূলত নির্বাচন কমিশনে রক্ষিত তথ্যভান্ডারের সঙ্গে ব্যক্তির পরিচয় নিশ্চিত করার জন্য।

রেলের কর্মকর্তারা পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের মাধ্যমে ট্রেনের টিকিট যাচাই করছেন। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ১ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাস

সকালে কমলাপুর স্টেশনে গিয়ে টিকিট কাউন্টারের সামনে বিপুলসংখ্যক মানুষের ভিড় দেখা যায়। বেশির ভাগ মানুষ জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে আসেন। অনেকে পরিচয়পত্রের ফটোকপি এনেছিলেন। কিন্তু অধিকাংশ মানুষ কীভাবে নিবন্ধন করতে হবে তা বুঝতে পারছিলেন না। এর মধ্যে এক কোনায় একজন মুঠোফোনে এসএমএসের মাধ্যমে নিবন্ধনের নিয়ম বুঝিয়ে দিচ্ছিলেন। তাঁকে ঘিরে ধরেন শ খানেক মানুষ।

আরও পড়ুন
আরও পড়ুন

লিটন মিয়া নামের এক ব্যক্তি জানান, তিনি দুইবারের চেষ্টায় এসএমএস পাঠিয়েছেন; কিন্তু ফিরতি এসএমএসে নিবন্ধন সম্পন্ন হওয়ার তথ্য আসেনি। লিটন বলেন, ফিরতি এসএমএস পেলে তিনি সিরাজগঞ্জের টিকিট কাটবেন।

অনেকে সরাসরি টিকিট কাউন্টারে থাকা কর্মীর কাছে নিজের পরিচয়পত্র দিয়ে টিকিট চাইছিলেন। কিন্তু রেলের কর্মীরা জানিয়ে দেন, আগে নিবন্ধন করতে হবে। তারপর ফোন নম্বর বা জাতীয় পরিচয়পত্রের নম্বর কম্পিউটারে প্রবেশ করালে টিকিট কাটা যাবে।

মরিয়ম আক্তার ও এনামুল কবির নামের দুজন অবশ্য আগেই নিবন্ধন করিয়েছেন। এনামুল কবির জানান, তিনি মুঠোফোনে এসএমসের মাধ্যমে নিবন্ধন করেছেন। আর মরিয়ম আক্তার বলেন, তাঁর ভাই নিজের মুঠোফোনের নম্বর দিয়ে নিবন্ধন করিয়েছেন। ওই ফোন নম্বর বলার পর তাঁকে কাউন্টার থেকে লালমনিরহাটের টিকিট দেওয়া হয়েছে।

আরও পড়ুন
বুধবার থেকে শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ দিয়ে ট্রেনের টিকিট দেওয়ার কার্যক্রম। যাত্রীদের সহায়তার জন্য স্টেশনে বসানো হয়েছে সহায়তাকেন্দ্র। সেখানে নিবন্ধনের জন্য ভিড় করেছেন যাত্রীরা। সকাল সাড়ে ১০টা, রেলস্টেশন, চট্টগ্রাম, ১ মার্চ
ছবি: সৌরভ দাশ

ঠাকুরগাঁও যাওয়ার জন্য সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর স্টেশনে এসেছিলেন তারিন আক্তার ও তাঁর বোন। তারা দুজনই জাতীয় পরিচয়পত্র নিয়ে আসেন; কিন্তু নিবন্ধনে সহায়তার জন্য যে ডেস্ক রয়েছে, সেখানে ভিড়ের কারণে অপেক্ষা করছিলেন। তারিন বলেন, তাঁর বাসা বাসাবোয়। বৌদ্ধমন্দিরের পাশে এক দোকানে নিবন্ধনে সহায়তা করছে। এর বিনিময়ে ৬০ টাকা নিচ্ছে। তারিন বলেন, দোকানদার বলেছেন, একবারই টাকা লাগবে। এ জন্য ৬০ টাকার কমে হবে না। এ জন্য কমলাপুর স্টেশন কাছে বলে এখানে চলে এসেছেন।

কিশোরগঞ্জের কুলিয়ারচরের ইলিয়াস মিয়ার কাছে জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোন কোনোটিই নেই। তাঁকে টিকিটের জন্য কাউন্টার কর্মীর কাছে অনুনয়-বিনয় করতে দেখা যায়। তবে শেষ পর্যন্ত তাঁর কাছে টিকিট বিক্রি করা হয়নি। ইলিয়াস মিয়া জানান, তিনি ঢাকা থেকে কাপড় কিনে কুলিয়ারচরে নিয়ে বিক্রি করেন। মুঠোফোন ব্যবহার করেন না। তাঁর জন্য ট্রেনের টিকিট কাটা কঠিন হয়ে গেল। বাড়ি গিয়ে পরিবারের অন্য সদস্যের মুঠোফোন দিয়ে নিবন্ধন করার চেষ্টা করবেন।

ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ বড় স্টেশনগুলোতে একই চিত্র দেখা গেছে। এসব স্টেশনে হেল্প ডেস্কে ভিড় করেন যাত্রীরা। তবে ছোট বা বিভিন্ন জেলা শহরের স্টেশনে এ ডেস্ক ছিল না।

ভবিষ্যতে লোকাল ট্রেনেও নতুন পদ্ধতি

সকালে রেলমন্ত্রী কমলাপুর স্টেশনে সাংবাদিকদের বলেন, যাত্রীরা যাতে আরও বেশি সুযোগ-সুবিধা পান এবং টিকিট কালোবাজারি বন্ধে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। তিনি বলেন, ‘এটিই শেষ নয়, প্রয়োজনে আমরা আরও সংস্কার করব। পর্যায়ক্রমে লোকাল ট্রেনেও তা কার্যকর করা হবে।’

অন্যের টিকিটে ভ্রমণ করলে বিনা টিকিটের যাত্রী হিসেবে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রেলমন্ত্রী।