হামের টিকা
গাফিলতি ছিল কি না তদন্তে কমিটি হচ্ছে, থাকছেন যাঁরা, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, হামের টিকা নিয়ে গাফিলতি ছিল কি না, তদন্তে কমিটি হচ্ছে। রাষ্ট্রীয় ব্যক্তি-প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ব্যক্তি-প্রতিষ্ঠানের মধ্যে যাঁরা টিকা ও স্বাস্থ্য নিয়ে কাজ করেন, তাঁদের সমন্বয় করে এ তদন্ত কমিটি গঠন করা হবে। খুব দ্রুতই এই কাজ শুরু হবে।
আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সরকারের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এ কথা বলেন।
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে প্রতিদিনই শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। এবার হামের উপসর্গে এ পর্যন্ত মারা গেছে চার শতাধিক শিশু। অভিযোগ উঠেছে, বিগত সরকারের আমলে হামের টিকার সংকট হয়েছিল।
এ নিয়ে এর আগে ৫ মে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানিয়েছিলেন, হামের টিকা নিয়ে বিগত সরকারের বিরুদ্ধে গাফিলতির যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করার চেষ্টা হচ্ছে।
আজকের সংবাদ ব্রিফিংয়ে সেই প্রসঙ্গ টেনে সাংবাদিকেরা জানতে চান হামের টিকা নিয়ে যে তদন্ত করার কথা হচ্ছে, তাতে কত সাল থেকে কত সালের ভেতরের টিকার সময়টা আসবে? কারা কারা থাকবে এই কমিটিতে এবং কী কী দেখবে এই কমিটি।
জবাবে উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের এভাবে আলাপ হয়েছে যে আমাদের রাষ্ট্রীয় ব্যক্তি-প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ব্যক্তি-প্রতিষ্ঠান যারা টিকা বা এসব নিয়ে, স্বাস্থ্য নিয়ে কাজ করে, তাদের সমন্বয় করে হবে। কমিটি যখন তৈরি হবে, কারা কারা সদস্য নিশ্চয়ই জনগণকে সেটা জানাব। আমরা আশা করি সেটার কাজ খুব দ্রুতই শুরু হবে।’
এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ‘তদন্ত কমিটি আসলে দেখবে কী কারণে এটা “ল্যাক” করল এবং এই টিকা যে দেওয়া হলো না—এটা পেছনের হিসাব করলে আপনি পাবেন কবে থেকে এই অবহেলা শুরু হলো...। সেটা আওয়ামী লীগের সময়ে যদি থাকে সেটা, ইন্টেরিমের সময় (অন্তর্বর্তী সরকার) তো কিছু তথ্য আমাদের সামনে আসলে আছে। আমরা ইউনিসেফের প্রতিনিধিকে পাবলিকলি ইন্টারভিউ দিয়ে বলতে শুনেছি যে তাঁরা সরকারকে কিন্তু সতর্ক করেছিলেন যে—তাঁরা যেভাবে প্রকিউর (টিকা ক্রয়) করতে চাইছেন, এটা সংকট তৈরি করতে পারে। এগুলো তাদের জায়গায়। কিন্তু তাঁর কথাই যে শতভাগ সঠিক তা নয়, তদন্ত কমিটি সবই যাচাই-বাছাই করে দেখবে।’