ইউজিসির আহ্বান মানবে না ঢাকা বিশ্ববিদ্যালয়, ভর্তি পরীক্ষা ঘোষিত সময়েই
যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ইউজিসি। তবে ইউজিসির আহ্বান মানবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। তারা ঘোষিত সময়েই ভর্তির কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত বহাল রেখেছে।
এর ফলে এবারের এইচএসসিতে সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন না। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন চলতি নভেম্বর শেষ হবে। আর সম্পূরক পরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের জন্য এক মাসের মধ্যে সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। এতে উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে আগামী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সে লক্ষ্যেই এমন উদ্যোগ।
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রথম আলোকে বলেন, দীর্ঘ করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সেশনজটে পড়েছে। এখন আবার এভাবে দু-তিন মাস পিছিয়ে গেলে আবারও সেশনজট তৈরি হবে। এ জন্য আজ সোমবার সাধারণ ভর্তি কমিটির জরুরি সভা ডাকা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় পূর্বের তারিখ অর্থাৎ ২৫ নভেম্বর আবেদনের সর্বশেষ সময় এবং ভর্তির পরীক্ষা আগের সিদ্ধান্ত অনুযায়ী শুরু হবে ৫ ডিসেম্বর। তবে ফলাফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ফল (২৩ নভেম্বর প্রকাশ হবে) পরিবর্তন হলে সেই শিক্ষার্থী আবেদনের সুযোগ পাবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, পুনর্নিরীক্ষণ সব সময়ই হয়ে থাকে। কিন্তু সম্পূরক পরীক্ষা এ বছর থেকে শুরু হচ্ছে।
তবে এ উদ্যোগের সুফল নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন চলতি নভেম্বর মাসে নেওয়া শেষ হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও আবেদন নেওয়া শুরু হবে এ মাসে। এমবিবিএস ও বিডিএসের (মেডিকেল) ভর্তি পরীক্ষা হবে আগামী ১৮ ডিসেম্বর। অন্যান্য বিশ্ববিদ্যালয়ও ভর্তি কার্যক্রমের প্রক্রিয়া শুরু করছে।
দীর্ঘ করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সেশনজটে পড়েছে। এখন আবার এভাবে দু-তিন মাস পিছিয়ে গেলে আবারও সেশনজট তৈরি হবে।
এই পরিস্থিতিতে আজ ইউজিসিতে উপাচার্য বা তাঁদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা হয়। সেখানে আগামী জানুয়ারি থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করা হবে। আর ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সিদ্ধান্ত হয়। তবে এ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি ছিলেন না।
এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।
সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ সংবাদ ব্রিফিংয়ে বলেন, ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। ইতিমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে তাদের ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজই সভা করে ঘোষিত সময়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।