অবশেষে জামিন পেলেন সেই ছৈয়দ আলম

বিদ্যুৎ কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় অবশেষে জামিন পেলেন ছৈয়দ আলম। আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ আদালত (দক্ষিণ) চট্টগ্রামের ভারপ্রাপ্ত বিচারক মাহমুদুল হাসান শুনানি শেষে এ আদেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদীর আইনজীবী মুকুল আচার্য প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার এ মামলার কোনো ধার্য তারিখ ছিল না। প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর পত্রিকাটিসহ আদালতে জামিনের আবেদন করি। শুনানি শেষে আদালত ছৈয়দ আলমের জামিন মঞ্জুর করেন।
এক বছর আগে দুটি মিটার সংযোগের জন্য চকরিয়া বিদ্যুৎ কার্যালয়ের এক কর্মকর্তার নামে ব্যাংকে ১ লাখ ৬০ হাজার টাকা জমা দেন ছৈয়দ আলম (৬৫)। কিন্তু এখন পর্যন্ত মিটার সংযোগ দেওয়া হয়নি। কেন সংযোগ দেওয়া হচ্ছে না, তা জানতে ৭ মার্চ তিনি স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ে যান। তখন তাঁকে অপমান করেন তিন কর্মকর্তা। এ ঘটনায় ছৈয়দ আলম টাকা আত্মসাতের অভিযোগে তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই কর্মকর্তারা পাল্টা ছৈয়দ আলম ও তাঁর ছেলে মনছুর আলমের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ২৫ মার্চ থেকে কারাগারে ছিলেন তিনি।
আজ বৃহস্পতিবার প্রথম আলোতে ‘এক ভুক্তভোগীর অসহায় কান্না’ নামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন নিয়ে ছৈয়দ আলমের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। আদালত শুনানি নিয়ে জামিন মঞ্জুর করেন।