আ.লীগের প্রার্থী মাঠে, ধানের শীষ আড়ালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনোরঞ্জন শীল ও মোহাম্মদ হানিফ
মনোরঞ্জন শীল ও মোহাম্মদ হানিফ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার–প্রচারণা চালানোর সময় শেষ হয়ে যাচ্ছে। তাই সারা দেশের মতো দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে প্রচার–প্রচারণা জমে উঠেছে। এখানে নৌকা প্রতীকের প্রার্থী নির্বিঘ্নে প্রচার চালাতে পারলেও গ্রেপ্তার আতঙ্কে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও তাঁর কর্মী–সমর্থকদের দেখা যাচ্ছে না। নৌকা, লাঙ্গল প্রতীকের প্রার্থীর পোস্টার চোখে পড়লেও সেভাবে দেখা মেলে না ধানের শীষ প্রতীকের পোস্টার।

দিনাজপুর–১ আসনে ভোটযুদ্ধে আছেন ছয়জন প্রার্থী। তাঁরা হলেন আওয়ামী লীগের মনোরঞ্জন শীল গোপাল, ধানের শীষ প্রতীকের জামায়াত নেতা মোহাম্মদ হানিফ, জাতীয় পার্টির মো. শাহীনুর ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মো. আরিফুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আবদুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আশরাফুল আলম।

বীরগঞ্জ ও কাহারোল উপজেলার কয়েকজন ভোটার বলেন, এই আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে এখানে মহাজোট, ধানের শীষ প্রতীক ও জাতীয় পার্টির প্রার্থীর মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি।

গত কয়েক দিন বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে নৌকা এবং লাঙ্গল প্রতীকের প্রার্থীদের প্রচুরসংখ্যক পোস্টার, ব্যানার ফেস্টুন দেখা গেছে। তবে এসব এলাকায় সেভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পোস্টার বেশি দেখা যায়নি।

নির্বাচনী প্রচারণা চালাতে না পারার বিষয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ হানিফ বলেন, ‘কীভাবে জনগণের কাছে যাব, ১০-১২ জন একসঙ্গে হলেই পুলিশ হয়রানি করছে। গ্রেপ্তার আতঙ্কে নেতা–কর্মীরা মাঠে নামতে পারছেন না। তাই আমরা ছোট ছোট গ্রুপ মিটিং করছি। তবে মিটিং শেষ হওয়ামাত্রই পুলিশ হাজির হয়ে হুমকি দিচ্ছে। প্রশাসন এবং আওয়ামী লীগ–সমর্থিত নেতা–কর্মীদের হুমকি–ধমকিতে ভোটারদের কাছে যেতে পারছি না।’ তিনি অভিযোগ করেন, প্রশাসন আওয়ামী লীগের মঞ্চে উঠে নৌকা মার্কায় ভোট চাইছে। তাঁর হিসাবমতে, তফসিল ঘোষণার পর থেকে আজ পর্যন্ত বিএনপি ও জামায়াতের প্রায় ২০০-২৫০ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় জামিনে আছেন, এমন অনেককেও গ্রেপ্তার করে নাশকতার মামলা দিয়ে হয়রানি করছে পুলিশ।

জাতীয় পার্টির কিছুসংখ্যক নেতা–কর্মী আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচার চালালেও মনোবল হারাননি ওই দলের প্রার্থী মো. শাহীনুর রহমান। তিনি বলেন, দলের দুই–চারজন যাঁরা আওয়ামী লীগের ধ্বজাধারী তাঁরা চলে গেছেন। কিন্তু তাতে তাঁর নির্বাচনী প্রচারণায় কোনো ব্যাঘাত ঘটবে বলে তিনি মনে করেন না। জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করে তিনি বলেন, মানুষ নতুন মুখ দেখতে চায়। সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাঁর পক্ষে ভোট দেবে। তিনি অভিযোগ করেন, ধানের শীষের প্রতীকের প্রার্থীর কর্মী–সমর্থকের মতো তাঁর কর্ম–সমর্থকদেরও হয়রানি করছে পুলিশ।