আবার গানের ভুবনে সেই মনসুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ২০ বছর পর গানের স্টুডিওতে ফিরেছেন মনসুর হাসান। কেএস ডিজিটাল স্টুডিও, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম
ছবি: জুয়েল শীল

নদীর মতো বয়ে চলা মনসুরের জীবনে বিপত্তি কম আসেনি। একসময় তাঁর জীবনে কেবল সুরই ছিল। হঠাৎ সেই সুরে যেন ছেদ পড়ে। ধীরে ধীরে সরে যান গানের জগৎ থেকে। মাঝখানে কেটে গেছে বছর ৩০। এখন কিছুটা স্থির তিনি। তাই বছর কুড়ি পর আবার ফিরলেন চিরচেনা ভুবনে, গানের জগতে।

মঙ্গলবার বিকেলে নগরের একটি স্টুডিওতে বসে মনসুর গাইলেন একসময়ের জনপ্রিয় গান, ‘বাটালি হিলের সেই বিকেল/ কেন আর কাছে আসে না।’ শুধু এ গানই নয়, চট্টগ্রামের একসময়ের জনপ্রিয় ব্যান্ড ব্লু হরনেটের শিল্পী মনসুর হাসান গেয়েছেন বেশ কিছু জনপ্রিয় আধুনিক ও লোকগান। গানপাগল মানুষটি এত বছর সুরের ভুবন থেকে একেবারেই বিচ্ছিন্ন ছিলেন। দীর্ঘদিন পর মাইক্রোফোন আর গিটার পেয়ে উচ্ছ্বসিত তিনি।

গানচর্চার একফাঁকে মনসুর বলেন, সুরই ছিল তাঁর জীবনের সবকিছু। গান ছাড়া কিছুই ভাবতেন না। নানা ঝামেলায় এত বছর গান গাওয়া হয়নি। লক্ষ্যচ্যুত হয়েছিলেন। তবে শিল্পীসত্তা জাগ্রত ছিল। কণ্ঠে গান না থাকলেও মনের ভেতর সব সময় সুর ঘুরপাক খেয়েছে। এখন আবার গাইতে পেরে বেশ খুশি তিনি।

নব্বই দশকের টগবগে তরুণ এ শিল্পীকে নিয়ে ২১ মে প্রথম আলোতে ‘সেই মনসুর এখন গণশৌচাগারের তত্ত্বাবধায়ক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়, যা চোখে পড়ে অনেকেরই। মনসুর জানালেন, প্রথম আলোতে সংবাদ প্রকাশ হওয়ার পর পুরোনো কিছু বন্ধু এসেছিলেন। দীর্ঘদিন পর দেখা হয়েছে তাঁদের সঙ্গে। এ ছাড়া নব্বই দশকে তাঁর গান শোনা লোকজনও আসছেন। গল্প করছেন। গানও শোনাতে হচ্ছে অনেককে।

মনসুর থাকেন নগরের জামালখান মোড়ে। সেখানে গণশৌচাগারের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন। বছর চারেক আগে জামালখানে এসেছিলেন। ৯ হাজার টাকা মাইনেতে চলে যায় তাঁর দিন। তবে তাঁর পরিণতির গল্পটা এখনো অনেকের অজানা। ১৯৮৬ সালের কথা। সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ভর্তি হন মনসুর হাসান। কলেজেই গানপাগল কিছু মানুষের সঙ্গে পরিচয়। তাঁদের সঙ্গে মিলে শুনতে থাকেন দেশি-বিদেশি বিভিন্ন ব্যান্ডের গান। আর বুনতে থাকেন নতুন ব্যান্ড গড়ার স্বপ্ন।

অল্প কিছুদিনের মধ্যেই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করেন তাঁরা। কলেজের দ্বিতীয় বর্ষে ছয় বন্ধু মিলে গড়ে তোলেন গানের নতুন দল—ব্লু হরনেট। দলের সদস্যরা কেউ গান লেখা শুরু করেন, কেউ তৈরি করেন সুর, কেউ গাইতেন, কেউ বাজাতেন বাদ্যযন্ত্র।

নতুন ব্যান্ড নিয়ে এভাবে কেটে যায় বছর দুই। এর মধ্যেই চলে আসে উচ্চমাধ্যমিক পরীক্ষা। নানা কারণে মনসুরের পরীক্ষা দেওয়া হয় না। এ নিয়ে পরিবারের সঙ্গে তৈরি হয় টানাপোড়েন।

কলেজের গণ্ডি পেরিয়ে ব্যান্ড নিয়ে আরও সক্রিয় হয়ে ওঠেন মনসুরের বন্ধুরা। মনসুর তখন গান গাইতেন। গানের কথাও লিখতেন। নব্বইয়ের শুরুতেই তাঁরা বের করলেন প্রথম অ্যালবাম। অ্যালবামের ১৪টি গানের মধ্যে মনসুরেরই ছিল ৩টি।‘বাটালি হিলের সেই বিকেল’, ‘ছোট্ট একটি মেয়ে’, ‘সারাটি রাত’। গানগুলো জনপ্রিয়তা পায়।

এরপর মনসুরের জীবনে অন্ধকার নেমে আসে। তিনি চলে যান অচেনা রাস্তায়। একসময় মাদকও নিয়েছিলেন। আবার জেল খেটেছেন, রাজনীতিতে জড়িয়ে রাজপথে স্লোগানও দিয়েছেন। একপর্যায়ে গানের জগতে তাঁর বিচরণ থেমে যায়। বন্ধ হয়ে যায় গানের চর্চা। ছেড়ে দেন ব্লু হরনেট। মনসুরের বয়স এখন ৫৪। মা-বাবা মারা গেছেন অনেক আগে। তাই পরিবার থেকেও বিচ্ছিন্ন। বিয়েটাও করেননি।

গান করছেন মনসুর হাসান। এ সময় পাশে গিটার বাজাচ্ছেন আরেক যন্ত্রশিল্পী। কেএস ডিজিটাল স্টুডিও, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম
ছবি: জুয়েল শীল

‘বাটালি হিলের সেই বিকেল’, ‘ছোট্ট একটি মেয়ে’ গানের এ শিল্পী মানসিকভাবেও বিপর্যস্ত। ঠিকঠাক কথা বলতে পারেন না। ভুলে গেছেন জীবনের নানা গল্প। তবে জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশের সহযোগিতায় তিনি আবার গান গাইছেন। চর্চা করছেন। শৈবাল দাশ বলেন, তাঁকে নতুন করে ফিরে পেতে সহযোগিতা করা হচ্ছে।

মঙ্গলবার নগরের চট্টেশ্বরী মোড়ের কে এস ডিজিটাল স্টুডিওতে তিনি বেশ কিছু গান গেয়েছেন। তাঁর মধ্যে ছিল লোকগান, ‘নতুন ঘরে যাব আমার এই ঘরে আর মন বসেনা/ ঘরখানা অতি পুরানা/ এই না অপয়া ঘরে/ দুঃখ আমার গেল নারে…।’