আবারও 'তিন হাজার মানুষের মেসবাড়ি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রশিদা বেগমের কাছে ব্যাপারটা এখনো স্বপ্নের মতো মনে হয়। যত্নে রাখা পত্রিকাটি মাঝেমধ্যেই উল্টে পাল্টে দেখেন; অবিশ্বাস্য দৃষ্টিতে নিজের ছবি দেখে অজান্তেই বলে ওঠেন—‘ছবিটা তো আমরাই!’ ত্রিশ বছর ধরে এখানে গৃহকর্মীর কাজ করেন, এমনিতেও তিনি কলোনির বাসিন্দাদের কাছে পরিচিত মুখ, কিন্তু এই চেনা মানুষকেই বাসিন্দারা নতুন করে চিনেছেন পত্রিকার পাতায়। তাঁর দুঃখগাথা ছুঁয়ে গেছে অনেককে। ২৯ মে দুপুরে আলাপের সময় এমন কথাই জানাচ্ছিলেন রশিদা বেগম, ‘বাবা, ম্যালা মানুষ আইসে দেখা করছে। এত ভালোবাসা জীবনে পাই নাই।’

১৯ মে প্রথম আলোর শনিবারের ক্রোড়পত্র ছুটির দিনে সরদার কলোনি নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল। রাজধানীর দক্ষিণ কমলাপুরের এই কলোনির কথা বলতে গেলে অনেকের গল্পই বলতে হয়। যেমন বলা হয়েছিল রশিদা বেগমের কথা। ‘তিন হাজার মানুষের মেসবাড়ি’ শিরোনামের খবরটি প্রথম আলো অনলাইনে সেদিন সর্বাধিক পঠিত ছিল। কলোনির বর্তমান ও সাবেক অনেক বাসিন্দা তো বটেই, প্রথম আলোর পাঠক ও ফেসবুক অনুসারীও খবরটি পড়ে মন্তব্য করেছেন। নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন। কলোনিতে থাকার স্মৃতিও রোমন্থন করেছেন অনেকে।

তেমনই একজন পাঠক মো. মাজহারুল ইসলাম। প্রথম আলোর ফেসবুকে পেজে তিনি মন্তব্য করেছেন, ‘আহা, সরদার কলোনি! ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার আগে কয়েক মাস এখানে থেকেছি। বসবাসের জন্য বেশ ভালো জায়গা।’

সায়েদ আবদুল্লাহ যীশু নামে এক পাঠক প্রথম আলো ডটকমে প্রতিবেদনে মন্তব্য করেছেন, ‘২০০৯ সাল থেকে সরদার কলোনিতে আছি৷ আসলেই ভালো একটা মেস৷ নিজের মেসের এত বড় একটা প্রতিবেদন প্রথম আলোর পাতায় দেখে অনুভূতিটাও অসাধারণ৷’ কে এম জাহিদ হাসান নামে একজন বলেছেন, ‘শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়াতে সর্ববৃহৎ মেসবাড়ি এটি।’

শুধু যে প্রথম আলো ডটকম এবং সামাজিক মাধ্যমেই প্রতিবেদনটি নিয়ে আলোচনা হয়েছে এমনটি নয়। সরদার কলোনির বাসিন্দারাও পরিচিত মানুষের কাছ থেকে ফোন কল পেয়েছেন। কলোনির ১৩৫/ই ভবনের বাসিন্দা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মশিউর রহমান যেমনটি বললেন, ‘অনেক বন্ধু ফোন করে জানিয়েছে যে তারা আমাদের কলোনির খবর পড়েছে। সেদিন এখানেও কক্ষে কক্ষে আলোচনা হয়েছে। নিজেদের থাকার জায়গা পত্রিকার পাতায় দেখার আলাদা আনন্দ আছে।’ ১৩৫/সি ভবনের তত্ত্বাবধায়ক মো. মিন্টু বলছিলেন, ‘প্রথম আলোর প্রতিবেদন পড়ে অনেকে এসেছিলেন কলোনি ঘুরে দেখতে।’

রাজধানীর দক্ষিণ কমলাপুরে আধুনিক সরদার কলোনির গোড়াপত্তন হয়েছিল ১৯৮২ সালে। আফির উদ্দিন সরদার নামে স্থানীয় এক ব্যক্তির আট ছেলে এই কলোনি গড়ে তোলেন। কলোনিটি ‘ব্যাচেলরদের মেস’ হিসেবে পরিচিত। তবে অধিবাসীদের অনেকেই বিবাহিত। তাঁদের কেউ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী, আছেন ব্যবসায়ী-চিকিৎসক-রাজমিস্ত্রি-উন্নয়নকর্মী-শিক্ষার্থীসহ নানান পরিচয়ের মানুষ। প্রায় পৌনে তিন বিঘা জমির ১৩৫ নম্বর প্লটের এই কলোনিতে আটটি ভবন রয়েছে। কিছু নিয়মকানুন মেনে যে কেউ সরদার কলোনির বাসিন্দা হতে পারেন। কক্ষপ্রতি ভাড়া চার হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত।

কলোনির একটি ভবনের অংশীদার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সরদার আকিল আহমেদ বললেন, ‘আমার জানা ছিল না এত মানুষ পত্রিকা পড়েন। সেদিন কত যে মানুষের সঙ্গে ফোনে কথা বলেছি, তার হিসাব নেই। অনেকে কলোনি সম্পর্কে জানতেন, কিন্তু এত সুন্দরভাবে উপস্থাপন করাই নতুন অনেক কিছুই তারা জানতে পেরেছেন।’