আমার এ জায়গায় আসতে মা সীমাহীন পরিশ্রম করেছেন
জেলেপল্লির বাসিন্দা আজিত বিশ্বাস ও তাসলিমা বেগমের সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা। দুজনের কেউ শিক্ষার আলো না দেখলেও মেয়েকে লেখাপড়া করানোর অদম্য ইচ্ছা ছিল। সেই ইচ্ছে পূরণে চেষ্টার কমতি করেননি। অদম্য মেধাবী মেয়ে মারুফা খাতুনও অভাব–অনটনে দমে যাননি। খেয়ে না খেয়ে কষ্ট করে চালিয়ে গেছেন পড়াশোনা। সাফল্যও এসেছে। পেয়েছেন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ। প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জির কাছে সেই সংগ্রামের গল্প শুনিয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা গ্রামের মেয়ে মারুফা।
প্রশ্ন :
চিকিৎসক হওয়ার আগ্রাহটা কীভাবে হলো?
মারুফা: মাধ্যমিকে পড়ার সময় মা একদিন জিজ্ঞাসা করলেন, ‘তুই কী হবি?’ আমি বলেছিলাম, ডাক্তার হতে চাই, মা। মা–ও বললেন, ‘আমিও চাই তুই ডাক্তার হ।’ আমার আর মায়ের চাওয়া মিলে যাওয়ার পর থেকে মনেপ্রাণে ডাক্তার হওয়ার জন্য পড়েছি।
প্রশ্ন :
প্রস্তুতি নিয়েছেন কীভাবে?
মারুফা: আমি প্রাইমারি থেকে লেখাপড়ার প্রতি আগ্রহী। পড়তে ভালোবাসি। গ্রামের জিয়ালা-নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক পাস করে তালার এজিএইচ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভর্তি হই। সেই থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত প্রতিদিন ১২-১৪ ঘণ্টা পড়াশোনা করেছি। মায়ের ইচ্ছায় তালা মহিলা ডিগ্রি কলেজে ভর্তি হই। ছোট থেকে পড়ার প্রতি আমার আগ্রাহ। এইচএসসিতে ভর্তি হওয়ার পর ১৪-১৬ ঘণ্টা লেখাপড়া করেছি। তবে মেডিকেলে পরীক্ষার জন্য পড়েছি ১৮-২০ ঘণ্টা।
প্রশ্ন :
সংসার খরচ, লেখাপড়ার খরচ নিয়ে পরিবারে টানাপোড়েন হয়নি?
মারুফা: মা গৃহিণী। তবে আমার পড়ানোর জন্য হাতের কাজ মানে কাঁথা সেলাই করেন মাঝেমধ্যে। আর বাবা খালবিলে মাছ ধরেন। মায়ের মাসে ৫০০-৭০০ টাকা আর বাবার প্রতিদিন ২০০-২৫০ টাকা আয় হয়। আমরা তিন বোন আর মা-বাবা মিলে পাঁচজন। এর মধ্যে আমার ও মেজ বোনের লেখাপড়া। সামান্য এই আয়ে কীভাবে ভালো চলা যায় বলুন? তিন বেলা খাবার জুটত না প্রতিদিন। আর ভালো খাবারের তো প্রশ্নই ওঠে না।
প্রশ্ন :
আপনার লেখাপড়ার খরচ চলেছে কীভাবে?
মারুফা: মাধ্যমিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান স্যার আমাকে সহযোগিতা করেছেন। আমাকে কয়েকজন শিক্ষকের কাছে বিনা বেতনে পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। বাড়ি থেকে স্কুলের দূরত্ব ছিল তিন কিলোমিটার। হেঁটে যাতায়াত করেছি। এইচএসসিতে প্রথম কয়েক মাস বাড়ি থেকে যেতাম ভ্যানে করে। খরচ হতো প্রতিদিন ২০ টাকা। প্রতিদিন আট কিলোমিটার যাতায়াতে অনেক সময় ব্যয় হয়ে যেত। কলেজের অধ্যক্ষ আবদুর রহমান স্যার হোস্টেলে থাকার ব্যবস্থা করে দেন। পাশাপাশি স্যারদের কাছে বিনা বেতনে পড়ারও সুযোগ করে দেন।
প্রশ্ন :
হোস্টেলে থাকার সময় মা-বাবার সঙ্গে যোগাযোগ হতো?
মারুফা: মা হেঁটে সপ্তাহে কমপক্ষে চার দিন কলেজ হোস্টেলে গিয়ে আমার খোঁজখবর নিতেন। স্যারদের সঙ্গে কথা বলতেন আমাকে নিয়ে। আমার এ জায়গায় আসতে মা সীমাহীন পরিশ্রম করেছেন। আর বাবা কাজ না করলে তো সবার মুখে খাবার জুটবে না। তাই বাবা যেতে পারতেন না। তবে মা বলতেন, ‘তোর বাবা প্রতিদিন আমার কাছে তোর সম্পর্কে খবর নেয়।’
প্রশ্ন :
লেখাপড়ার ফাঁকে কি অন্য কোনো কাজ করেছেন। মানে পড়ার খরচ, নিজের খরচ চালানোর জন্য?
মারুফা: আমাকে আমার মা কোনো কাজ করতে দেননি। আমি যেন লেখাপড়া শেষের আগে কাজ না করি, মা তা–ই চান।
প্রশ্ন :
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জন্য আলাদা প্রস্তুতি নিতে হয়েছে?
মারুফা: খুলনায় একটি কোচিং সেন্টারে তিন মাস পড়েছি। কোচিং ব্যয় ১৮ হাজার টাকা হলেও আমার কাছ থেকে নিয়েছিল ১০ হাজার টাকা। সেখানে থাকা, খাওয়াসহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য মা একটি সমিতির কাছ থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন।
প্রশ্ন :
মেডিকেলে পড়ার তো খরচ রয়েছে।
মারুফা: আমার মা–বাবার পক্ষে এ ব্যয় বহন করা অসম্ভব। সবার সহযোগিতা ছাড়া আমি এগিয়ে যেতে পারব না। আমি সবার সহযোগিতা চাই।
প্রশ্ন :
মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার পর প্রথম আলোয় আপনাকে নিয়ে প্রতিবেদন করেছে। কেউ খোঁজখবর নিচ্ছে?
মারুফা: মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার পর অনেকেই খোঁজখবর নিচ্ছেন। আমাকে দেখতে আসছেন। প্রথম আলোর প্রতিবেদন প্রকাশের পর অনেকেই আমার সঙ্গে কথা বলছেন, খোঁজখবর নিচ্ছেন। আমাকে অভিনন্দন জানাচ্ছেন। এর মধ্যে গতকাল শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও র্যাব-৬-এর পক্ষে সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন নগদ অর্থ দিয়েছেন।
প্রশ্ন :
প্রথম আলো: লেখাপড়া শেষে কী করতে চান?
মারুফা: আমি সবার আগে আমার মা-বাবার মুখে হাসি ফোটাতে চাই। তাঁদের হাসিমুখ দেখতে চাই সব সময়। পাশাপাশি একজন ভালো মানুষ হতে চাই। একজন মানবিক চিকিৎসক হয়ে গরিব, অসহায় মানুষের সেবা দিতে চাই।
গত শুক্রবার প্রথম আলোর অনলাইন ও গতকাল শনিবার প্রথম আলো পত্রিকায় সংবাদ প্রকাশের পর মারুফার পাশে দাঁড়িয়েছে র্যাব। গতকাল র্যাব-৬–এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন বাড়িতে গিয়ে মারুফার হাতে মেডিকেল কলেজে ভর্তির খরচ বাবদ নগদ অর্থ তুলে দেন।