আলোকচিত্রী শহিদুল আলমের লিভ টু আপিলের শুনানি ২৪ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোকচিত্রী শহিদুল আলম
ফাইল ছবি

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলার তদন্ত কার্যক্রমের বৈধতা নিয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আলোকচিত্রী শহিদুল আলমের করা লিভ টু আপিল আগামী ২৪ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।

চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম আজ বুধবার এ আদেশ দেন।
গত বছরের ১৩ ডিসেম্বর হাইকোর্ট মামলার তদন্ত কার্যক্রমের বৈধতা নিয়ে শহিদুল আলমের রিট খারিজ (রুল ডিসচার্জ) করে দেন। এ রায়ের বিরুদ্ধে গত মাসে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন তিনি।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সারা হোসেন ও মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

২০১৮ সালের ৬ আগস্ট তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় শহিদুল আলমের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়। আইনটি ২০০৬ সালের। এ মামলায় ১০৭ দিন কারাভোগের পর ওই বছরের ২০ নভেম্বর জামিনে মুক্তি পান শহিদুল আলম।

২০১৮ সালের অক্টোবরে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়। এ অবস্থায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে থাকা ওই মামলার তদন্ত কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে শহিদুল আলম ২০১৯ সালের মার্চে রিট করেন। ওই বছরের ১৪ মার্চ হাইকোর্ট রুল দিয়ে তদন্ত কার্যক্রমের ওপর অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দেন। চূড়ান্ত শুনানি শেষে রিট খারিজ করে রায় দেন হাইকোর্ট।

আরও পড়ুন