এক বছর চলে গেলেও প্রতিশ্রুতি অনুযায়ী বাড়িঘর নির্মাণ শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘লংগদুর অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার এক বছর: গৃহনির্মাণসহ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা। বিশ্বসাহিত্য কেন্দ্র, ঢাকা। ছবি: প্রথম আলো
‘লংগদুর অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার এক বছর: গৃহনির্মাণসহ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা। বিশ্বসাহিত্য কেন্দ্র, ঢাকা। ছবি: প্রথম আলো

পার্বত্য জেলা রাঙামাটির লংগদুর ক্ষতিগ্রস্ত চারটি গ্রামের বাড়িঘর নির্মাণ ঘটনার এক বছর পরও শুরু হয়নি। সরকারি প্রতিশ্রুতি ছিল বাড়িঘর নির্মাণের। এখন গ্রামের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দুর্বিষহ জীবন কাটাচ্ছে।

‘লংগদুর অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার এক বছর: গৃহনির্মাণসহ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় এ অভিযোগগুলো উঠে আসে। আজ বুধবার সকালে রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে রাঙামাটি জেলার লংগদু উপজেলায় হামলার এক বছর উপলক্ষে আলোচনা সভা হয়। বাংলাদেশ আদিবাসী ফোরাম, জনউদ্যোগ, আইইডি ও কাপেং ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।

গত বছরের ১ জুন স্থানীয় এক যুবলীগ নেতার মৃত্যুকে কেন্দ্র করে  ২ জুন সকালে রাঙামাটির লংগদু উপজেলা সদরের চারটি গ্রাম-তিনটিলা, মানিকজোড় ছড়া, বাত্যাপাড়া ও বড়াদমে পাহাড়িদের দুই শতাধিক বাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

আজকের সভার প্রধান অতিথির বক্তব্যে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘বর্বর সমাজ চাই না, মানবিক রাষ্ট্র চাই। যেখানে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে এবং নিরাপত্তার মধ্যে বাস করতে পারে।’ বৈষম্য না করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘লংগদুর ঘটনা যদি হালিশহর, গুলশান, বারিধারা, বনানী বা ধানমন্ডির মতো জায়গায় হতো, তাহলে আমাদের কিছু করতে হতো না। সরকার নিজেই তার বর্ষপূর্তি পালন করত।’ তিনি লংগদুর হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনসহ ক্ষতিপূরণ ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান।

আলোচনা সভায় ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, নাসিরনগর, লংগদু, গোবিন্দগঞ্জ, রামুর ঘটনাগুলো একই সূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধের সরকার দেশ চালালেও স্বৈরাচারের লক্ষণ রয়ে গেছে। ক্ষতিপূরণের টাকার কথা উল্লেখ করে বলেন, যে টাকা দেওয়া হচ্ছে, তা জনগণের টাকা, কারও পকেটের না। প্রশাসন যদি সঠিক পদক্ষেপ নিত, তাহলে জনগণের টাকা এভাবে বারবার ক্ষতিপূরণে যেত না। তিনি আরও বলেন, বন্দুকের আওতায় মানুষকে আনা হচ্ছে, আদালত বা বিচারের আওতায় না।

আজকের আলোচনা সভায় লংগদুর বর্তমান অবস্থা নিয়ে মূল বক্তব্য পাঠ করেন কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা। লিখিত বক্তব্যে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য বাড়ি নির্মাণের কথা বলা হলেও এখনো নির্মাণকাজ শুরু হয়নি। এ ছাড়া প্রশাসনের সামনে হামলা ঘটলেও এখনো দোষী ব্যক্তিদের সবাইকে ধরতে পারেনি। প্রশাসনের নীরব ও পক্ষপাতমূলক আচরণের নিন্দা জানান তিনি।

লংগদুর হামলায় গুনবালা চাকমা নামের এক বৃদ্ধা পুড়ে মারা যান। আলোচনা সভায় তাঁর মেয়ে কালা সোনা চাকমা বলেন, তাঁর মায়ের হত্যার মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে অভিযোগ হিসেবে গ্রহণ করে।

সভায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে আছে সাম্প্রদায়িক হামলাকারী ও গুনবালা চাকমার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা, তিন বছরের জন্য রেশন প্রদানসহ দ্রুত বাড়ি নির্মাণ ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা, পাহাড়িদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, একটি দেশ কতটা সভ্য ও গণতান্ত্রিক, সেটা বোঝা যায় সেই দেশের সংখ্যালঘুর ওপর রাষ্ট্রের আচরণ দেখে। সংবিধানে সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা বলা হলেও বাস্তবে তা অলংকরণ হিসেবে ব্যবহার করা হয়। এ দেশে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে নাগরিকদের সঙ্গে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা হয়।
জনউদ্যোগ জাতীয় কমিটির আহ্বায়ক মোশতাক আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আইইডির নির্বাহী পরিচালক নোমান আহমেদ খান, লংগদু ইউনিয়নের চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা ও লংগদুর আটারকছড়া ইউনিয়নের চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা।

লংগদুর ক্ষতিগ্রস্ত চার গ্রামের পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোসাদ্দেক মেহেদী ইমাম প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে এখন মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এ মাসেই এটা শেষ হওয়ার কথা। তবে আরও এক বছরের জন্য রেশন চালু রাখার প্রক্রিয়া চলছে।
বাড়িঘর নির্মাণ না হওয়ার অভিযোগ প্রসঙ্গে মেহেদী ইমাম, গত ২৮ মে লংগদুর ক্ষতিগ্রস্ত বাড়িঘর নির্মাণে একটি কার্যাদেশ দেওয়া হয়েছে। আগামী চার মাসের মধ্যে বাড়িঘর নির্মাণ শেষ হবে। নির্মাণসামগ্রী সরবরাহ শুরু হয়েছে।