খালেদা জিয়া ফেঁসে গেছেন: খালিদ

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়া ফেঁসে গেছেন বলে মন্তব্য করেছেন দিনাজপুর-২ আসনের সাংসদ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
আজ শনিবার বেলা ১১টায় দিনাজপুর বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দলীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ আরও বলেন, ‘এটি (খালেদা জিয়া ফেঁসে গেছেন) বুঝতে পেরে সব বাঘা বাঘা আইনজীবী তাঁর পক্ষে আদালতে গিয়ে আইনের কথা বলছেন না, উনারা বলছেন খালেদা জিয়ার সাজা হলে দেশে আগুন জ্বলবে। এটা কেন? মামলার রায় কারও বিরুদ্ধে নয়, অপরাধের বিচার হবে।’
বিরল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ লতিফ। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রমা কান্ত রায়ের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ, কে, এম মোস্তাফিজুর রহমান, সহসভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, অধ্যাপক রিয়াজুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম প্রমুখ।