দীর্ঘ পাঁচ মাস পর চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলো আজ শনিবার সকালে খুলেছে। তবে আগের রাত থেকে শুরু হওয়া বৃষ্টি আজ দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। বৃষ্টির কারণে বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের তেমন ভিড় ছিল না।
আজ নগরের কাজীর দেউড়ির চট্টগ্রাম শিশুপার্ক ও ফয়’স লেকের ফয়’স লেক কমপ্লেক্স ঘুরে এই চিত্র দেখা যায়।
গত বুধবার চট্টগ্রাম জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় বিনোদনকেন্দ্রগুলো খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়। এ ছাড়া উন্মুক্ত করে দেওয়া হয় পতেঙ্গা সমুদ্রসৈকতও। এ জন্য সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি অনুসরণ, মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার রাখাসহ বিভিন্ন শর্ত দেওয়া হয়।
আনুষ্ঠানিকভাবে আজ উন্মুক্ত করে দেওয়া হলেও পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় দর্শনার্থীর উপস্থিত ছিল কম। কিন্তু খোলার আগের দিন শুক্রবার সৈকত এলাকায় হাজারো দর্শনার্থী ভিড় করেন। তাঁদের অনেকের মধ্যে মুখে মাস্ক ছিল না। সামাজিক দূরত্ব বজায় রাখেননি তাঁরা। দিনভর বৃষ্টি থাকায় আগের দিনের তুলনায় আজ দর্শনার্থীর সংখ্যা কম ছিল বলে জানান সেখানকার দোকানি আবদুল খালেক।
চট্টগ্রামের আরেক বিনোদনকেন্দ্র ফয়’স লেক কমপ্লেক্সের প্রবেশমুখে দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছিল। হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়। তবে দর্শনার্থী কম থাকায় ভেতরে অনেকটাই ফাঁকা ছিল।
শনিবার বিকেলে নগরের কাজীর দেউড়ির চট্টগ্রাম শিশুপার্কে দেখা যায়, প্রবেশমুখে জীবাণুনাশক ছিটানো হয় দর্শনার্থীদের ওপর। শরীরের তাপমাত্রা মাপা হয়। মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছিলেন না নিরাপত্তারক্ষী। তবে মাস্ক ছাড়া আসা ব্যক্তিকে ১০ টাকা দিয়ে কাউন্টার থেকে মাস্ক কিনে নিতে হয়েছে।
পার্কের ভেতরে রাইডগুলো প্রায় অলস বসে ছিল। সেখানে শিশু-কিশোরদের উপস্থিতি ছিল একেবারে কম। অনেকে সন্তানদের নিয়ে আসেন পার্কে। তবে ভেতরে অনেকের মুখে মাস্ক ছিল না। সব কটি রাইডের প্রবেশমুখে হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়। এ ছাড়া পরিচ্ছন্নতাকর্মীরা পার্কের রাস্তাঘাটগুলো পরিষ্কার করছিলেন। বন্ধের সময় জন্মানো ঘাস মেশিন দিয়ে কাটছিলেন এক কর্মী।
তিন বছরের মেয়ে আফসানাকে নিয়ে পার্কে বেড়াতে আসেন চাকরিজীবী বাবা ফরহাদ উদ্দিন ও মা দিলরুবা খানম। তাঁরা বলেন, করোনার কারণে দীর্ঘদিন বাসায় এক প্রকার বন্দী ছিল বাচ্চারা। এভাবে বসে থাকতে থাকতে সবার মধ্যে বিরক্তি চলে আসছিল। তাই খোলার প্রথম দিনেই বাচ্চাকে নিয়ে পার্কে এসেছেন তাঁরা।
চট্টগ্রাম শিশুপার্কের তত্ত্বাবধায়ক খায়রুল আমিন বলেন, করোনার আগে স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে এক থেকে দেড় হাজার দর্শনার্থী পার্কে ঘুরতে আসতেন। কোভিড পরিস্থিতির কারণে বন্ধ থাকার পর খোলার প্রথম দিন মাত্র ১০০ দর্শনার্থী এসেছেন। বৃষ্টি আর প্রচারণা না থাকায় কম মানুষ এসেছে বলে তাঁর ভাষ্য।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, বিনোদনকেন্দ্রগুলো খুলে দেওয়া হলেও স্বাস্থ্যবিধি যাতে মেনে চলা হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যদি স্বাস্থ্যবিধি মানা না হয়, তাহলে বিপদ ঘটতে পারে।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, বিনোদনকেন্দ্রগুলোতে যেসব শর্ত দেওয়া হয়েছে, তা অবশ্যই মানতে হবে। প্রথম দিন বিনোদনকেন্দ্রগুলোতে মানুষের ভিড় ছিল না। মূলত সাপ্তাহিক ছুটির দিন বেশি ভিড় হয়। বিনোদনকেন্দ্রগুলো স্বাস্থ্যবিধি মেনে চলছে কি না, তা তদারকির জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের টিমও কাজ করবে।