গাংনীর গাড়াডোব গ্রামে সিভিল সার্জন, বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের উদ্যোগ
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রাম আজ বুধবার পরিদর্শন করেছেন সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। গ্রামটিতে বাড়ি বাড়ি গিয়ে করোনার উপসর্গ থাকা ব্যক্তিদের নমুনা সংগ্রহের কার্যক্রম শুরুর কথা বলছেন তাঁরা। স্বাস্থ্যবিধি মানতে লোকজনের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচারণার পাশাপাশি গ্রামটিতে টিকাদান কার্যক্রম শুরু করতে স্থানীয় কমিউনিটি ক্লিনিককে নির্দেশ দিয়েছেন কর্মকর্তারা।
গাংনী উপজেলা শহরের কাছাকাছি একটি গ্রাম গাড়াডোব। ২৯ দিনে এই গ্রামে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ২১ জন। বিস্তীর্ণ কৃষিভূমি পরিবেষ্টিত গ্রামটিতে করোনার দ্বিতীয় ঢেউ যেন আছড়ে পড়েছে। কিন্তু মৌসুমি রোগ ভেবে কেউ একে গুরুত্ব দেননি। ফল হয়েছে খুব খারাপ। বিষয়টি নিয়ে আজ প্রথম আলোর ছাপা সংস্করণে ‘মেহেরপুরের গাংনীতে করোনা: গাড়াডোব গ্রামে ২১ মৃত্যু’ ও অনলাইন সংস্করণে ‘মেহেরপুরে করোনায় এক গ্রামে ২১ মৃত্যু’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গ্রামটি পরিদর্শনে যান।
সকাল সাড়ে ১০টার দিকে জেলা সিভিল সার্জন নাসির উদ্দীন গাড়াডোব গ্রামে পৌঁছান। এ সময় তিনি গ্রামের কয়েকটি পাড়া ঘুরে দেখেন; বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় সিভিল সার্জন প্রথম আলোকে বলেন, এলাকার মানুষ ও স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে তাঁরা তথ্য সংগ্রহ করেছেন। সে মোতাবেক বোঝা যায়, গাড়াডোব গ্রামে করোনার বড় প্রকোপ চলছে। প্রায় ঘরে ঘরে করোনায় সংক্রমিত ব্যক্তি রয়েছেন বলে তাঁদের অনুমান। এ কারণে স্বাস্থ্যকর্মীরা কাল বৃহস্পতিবার থেকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ থাকা ব্যক্তিদের নমুনা সংগ্রহ শুরু করবেন। একই সঙ্গে গ্রামবাসীকে স্বাস্থ্যবিধি মানতে সচেতন করতে প্রচারণা চালানো হবে। টিকা গ্রহণের ব্যাপারে তাঁদের উৎসাহিত করতে ব্যাপক প্রচারণা চলবে। সরকারের নির্দেশনা মোতাবেক গ্রামটিতে গণটিকাদান কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় কমিউনিটি ক্লিনিককে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সিভিল সার্জন।
গাড়াডোব গ্রামের হাটসংলগ্ন বাড়িটির বাসিন্দা সুফিয়া আক্তার। তিনি করোনায় সংক্রমিত হয়ে সম্প্রতি মারা গেছেন। তাঁর নিকটাত্মীয় নাহিদুল ইসলাম বিশ্বাস প্রথম আলোকে বলেন, সুফিয়া ১২ দিনের জ্বরে মারা গেছেন। তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর দাফনের জন্য এলাকার কাউকে পাওয়া যায়নি। গ্রামের কেউ করোনায় মারা গেলে তাঁর বাড়ির আশপাশ দিয়েও কেউ হাঁটাচলা করে না বলে জানান তিনি।
পাশেই একটি বাঁশের মাচায় বসে ছিলেন করোনায় সংক্রমিত পরিবারের এক সদস্য মকলেছুর রহমান। তিনি বলেন, ১২ জুলাই তাঁর স্ত্রী ও মেয়ের করোনা শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের নমুনা জমা দেওয়া হয়েছিল। করোনা পজিটিভ প্রতিবেদন আসার পর ওই হাসপাতাল থেকে কোনো ব্যবস্থাপত্রও দেওয়া হয়নি। মুঠোফোনেও কোনো ধরনের চিকিৎসা দেওয়া হয়নি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদুল হাসান গাড়াডোব গ্রামে পৌঁছান আজ বেলা ১১টায়। তখনো সিভিল সার্জন গ্রামটিতে অবস্থান করছিলেন। তিনি বিদায় নেওয়ার পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদুল হাসান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে গ্রামের কয়েকটি বাড়ি ঘুরে দেখেন। এখনো গাড়াডোব গ্রামের অনেকে করোনার উপসর্গ নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে রাশেদুল হাসান বলেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর গ্রামের যাঁরা মারা গেছেন, তাঁদের প্রত্যেকের বাড়ি থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ জন্য স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে চারটি দল গঠন করা হয়েছে। তাঁরা ওই বাড়িগুলোর অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার উদ্যোগ নেবেন। গ্রামটিতে গণহারে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।
জেলা প্রশাসক মনসুর আলম খান প্রথম আলোকে বলেন, একটি গ্রামে এক মাসে এত মানুষের মারা যাওয়ার বিষয়টি অস্বাভাবিক ঘটনা। গ্রামটি নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ কাজ করছে। সেখানে বিশেষ নজরদারির জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।