জনসংখ্যা বিবেচনায় ৬২ আসন এখন ভারসাম্যহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

• ১৪টি আসনের জনসংখ্যা জেলার গড়ের চেয়ে ২৫ শতাংশ বেশি বা কম হবে
• এক দশকে জনসংখ্যা বিবেচনায় ভারসাম্যহীন আসনের সংখ্যা প্রায় দ্বিগুণ বাড়ছে।
• এ ধরনের ভারসাম্যহীন আসন হবে অন্তত ৬২ টি।
• ২০১৩ সালে এবং এবার সীমানা পুনর্বিন্যাসে জনসংখ্যাকে যথেষ্ট গুরুত্ব না দেওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সংসদীয় আসনের সীমানা নির্ধারণে জনসংখ্যার চেয়ে প্রশাসনিক অখণ্ডতা রক্ষার ওপর বেশি জোর দিয়েছে। ফলে সংসদীয় আসনগুলোতে জনসংখ্যার ব্যবধান বাড়ছে।

সংসদীয় আসনগুলোর সীমানায় ব্যাপক পরিবর্তন এসেছিল ২০০৮ সালে। তখন আসনভিত্তিক জনসংখ্যার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছিল। তখন প্রশাসনিক অখণ্ডতার সঙ্গে একটি জেলার আসনসংখ্যার ভিত্তিতে জেলার জনসংখ্যার গড় করে তা বিবেচনায় নেওয়া হয়। আসনগুলোতে জেলার গড় জনসংখ্যার চেয়ে ব্যবধান ২৫ শতাংশের মধ্যে সীমিত রাখার চেষ্টা ছিল। তারপরও ৩৬টি আসন ছিল, যেখানে এই নীতি ধরে রাখা যায়নি।

২০০৮ সালের সীমানাবিন্যাস এবং এ বছরের আসনবিন্যাসের খসড়া বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর ৩৮টি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে অন্তত ১৪টি আসনের জনসংখ্যা জেলার গড়ের চেয়ে ২৫ শতাংশ বেশি বা কম হবে। সব মিলিয়ে গত এক দশকে জনসংখ্যা বিবেচনায় ভারসাম্যহীন আসনের সংখ্যা প্রায় দ্বিগুণ বাড়ছে। ইসির এবারের প্রস্তাব কার্যকর হলে এ ধরনের ভারসাম্যহীন আসন হবে অন্তত ৬২ টি। ২০১৩ সালে এবং এবার সীমানা পুনর্বিন্যাসে জনসংখ্যাকে যথেষ্ট গুরুত্ব না দেওয়ায় এই অবস্থা তৈরি হচ্ছে।

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ-সংক্রান্ত অধ্যাদেশে সীমানা নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক সুবিধা, আঞ্চলিক অখণ্ডতা এবং সর্বশেষ আদমশুমারি থেকে পাওয়া জনসংখ্যার বিভাজনকে যত দূর সম্ভব বিবেচনায় নেওয়ার কথা বলা আছে। অধ্যাদেশে ‘যত দূর সম্ভব’-এর কোনো সংজ্ঞা দেওয়া নেই।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড হলো ৫ থেকে ৩০ শতাংশ পার্থক্য। যেমন যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, আলবেনিয়া, ইয়েমেনে গ্রহণযোগ্য পার্থক্য ৫ শতাংশ; অস্ট্রেলিয়া, ইতালি, ইউক্রেনে ১০ শতাংশ; আর্মেনিয়া, জার্মানি, চেক রিপাবলিকে ১৫ শতাংশ; জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনিতে ২০ শতাংশ, কানাডায় ২৫ শতাংশ ও সিঙ্গাপুরে ৩০ শতাংশ।

বদিউল আলম বলেন, সংসদীয় আসনে সমতা না থাকলে সত্যিকার প্রতিনিধিত্ব হয় না। কেউ হবেন এক লাখ মানুষের আবার কেউ হবেন কয়েক লাখ মানুষের প্রতিনিধি-এটা সামঞ্জস্যপূর্ণ নয়। তবে তাঁর মতে, কিছু ব্যতিক্রম হতে পারে। যেমন রাজধানীতে আসনসংখ্যা নির্দিষ্ট করে দেওয়া যেতে পারে।

জনসংখ্যা গুরুত্ব পায়নি
ইসি প্রকাশিত গেজেটে দেখা যায়, এবার ছয়টি পদ্ধতি অনুসরণ করে সীমানাবিন্যাস হয়েছে। সেগুলো হলো ২০১৩ সালে নির্ধারিত জেলার আসনসংখ্যা ঠিক রাখা, প্রশাসনিক ইউনিট, বিশেষ করে উপজেলা এবং সিটি করপোরেশনের ওয়ার্ডের অখণ্ডতা যথাসম্ভব বজায় রাখা, ইউনিয়ন বা পৌর এলাকার ওয়ার্ড একাধিক আসনে বিভাজন না করা, যেসব নতুন প্রশাসনিক এলাকা সৃষ্টি হয়েছে বা বিলুপ্ত হয়েছে, তা অন্তর্ভুক্ত করা, বিলুপ্ত ছিটমহল এলাকা অন্তর্ভুক্ত করা এবং ভৌগোলিক বৈশিষ্ট্য ও যোগাযোগব্যবস্থা যথাযথ বিবেচনায় রাখা।

জানতে চাইলে নির্বাচন কমিশনার ও ইসির সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত কমিটির প্রধান রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, জনসংখ্যার ভিত্তিতে প্রথমে জেলা কোটা ঠিক করা হয়। ২০১১ সালে আদমশুমারির ভিত্তিতে জেলা কোটা ঠিক করাই আছে। এরপর আদমশুমারি হয়নি। এবার জেলা কোটায় পরিবর্তনও আসেনি। তাই এবার আসনবিন্যাসের ক্ষেত্রে নীতিমালায় জনসংখ্যা রাখা হয়নি। তবে তিনি বলেন, উপজেলার অখণ্ডতা রাখতে গিয়ে যেখানে জনংসংখ্যার ব্যবধান আকাশচুম্বী হয়ে যাবে, সেখানে উপজেলা অখণ্ড রাখার প্রস্তাব করা হয়নি।

ইসির প্রস্তাবে অসমতা
২০০৮ সালে জলঢাকা উপজেলা ও কিশোরগঞ্জের তিনটি ইউনিয়ন নিয়ে নীলফামারী-৩ আসনে জনসংখ্যার পার্থক্য ছিল জেলার গড়ের চেয়ে ৭ শতাংশ কম। এবার উপজেলার অখণ্ডতা রাখতে গিয়ে শুধু জলঢাকাকে নিয়ে এই আসন করার প্রস্তাব করা হয়েছে। এতে এই আসনে জনসংখ্যা আরও কমে যাবে। এখানে জেলার গড়ের চেয়ে ২৭ শতাংশ জনসংখ্যা কম হবে। অন্যদিকে পাশের নীলফামারী-৪-এ জনসংখ্যা গড়ের চেয়ে ১৫ শতাংশ বেশি হবে।

সংশ্লিষ্ট জেলার জনসংখ্যার গড়ের সঙ্গে জামালপুর-৪ ও ৫, ঢাকা-২, নারায়ণগঞ্জ-৪, শরীয়তপুর-২ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া-৬, কুমিল্লা-২,৬ ও ১০, নোয়াখালী-৪, চট্টগ্রাম-৭ ও ৮ আসনে জনসংখ্যার ব্যবধান হবে ২৫ শতাংশের ওপরে বা নিচে।

ভারসাম্যহীনতার চিত্র
জামালপুর জেলায় সংসদীয় আসন পাঁচটি। এখানকার প্রতি আসনে গড় জনসংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৫৩৫। এবার এখানকার দুটি আসনের সীমানায় পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী জামালপুর-১ ছাড়া এখানকার চারটি আসন জনসংখ্যা বিবেচনায় ভারসাম্যহীন হয়ে পড়বে। জামালপুর-২ আসনে জনসংখ্যা জেলার গড় জনসংখ্যার চেয়ে ৩৫ শতাংশ কম। আবার জামালপুর-৩-এ জনসংখ্যা ২৬ শতাংশ বেশি। জামালপুর-৪-এ জনসংখ্যা গড়ের চেয়ে ২৯ শতাংশ কম। আবার জামালপুর-৫-এ জনসংখ্যা ৩৪ শতাংশ বেশি।

২০০৮ সালে যে সীমানাবিন্যাস হয়েছিল, তখন জামালপুর-২-এ গড়ের চেয়ে ২৩ শতাংশ কম, জামালপুর-৩-এ ১৪ শতাংশ বেশি, জামালপুর-৪-এ ১৫ শতাংশ কম এবং জামালপুর-৫-এ ২০ শতাংশ বেশি ছিল।

পিরোজপুরে সংসদীয় আসন তিনটি। এই জেলায় আসনভিত্তিক জনসংখ্যার গড় ৩ লাখ ৭১ হাজার ৮৬ জন। পিরোজপুর-১-এ জনসংখ্যা ৫ লাখ ৫৪ হাজারের বেশি। গড়ের চেয়ে ৫০ শতাংশ বেশি। পিরোজপুর-২-এ জনসংখ্যা ২ লাখ ৯৫ হাজার, এখানে গড়ের চেয়ে প্রায় ২১ শতাংশ কম। পিরোজপুর-৩-এ জনসংখ্যা ২ লাখ ৬২ হাজার অর্থাৎ গড়ের চেয়ে ২৯ শতাংশ কম। ২০০৮ সালে এই তিনটি আসনে জনসংখ্যার ভারসাম্য রাখার চেষ্টা ছিল।

দিনাজপুর-৫ আসনে জনসংখ্যা গড়ের চেয়ে ৪৯ শতাংশ কম। আবার দিনাজপুর-৬-এ ৩৭ শতাংশ বেশি। জেলার গড় জনসংখ্যার সঙ্গে ব্যবধান ময়মনসিংহ-৪ আসনে ৬৭ শতাংশ, ঢাকা-১৮ আসনে ৬১ শতাংশ এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ৬৫ শতাংশ।

এ ছাড়া যশোর-৬, গাজীপুর-১, গাজীপুর-৪, সিলেট-১ ও চট্টগ্রাম-১০ আসনে জনসংখ্যার ফারাক সংশ্লিষ্ট জেলা গড়ের ৪০ শতাংশের ওপরে।

জানতে চাইলে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, আসনের সীমানা নির্ধারণে প্রশাসনিক যোগাযোগ ও অখণ্ডতার পাশাপাশি জনসংখ্যাকেও সমান গুরুত্ব দিতে হবে। জনসংখ্যা বিবেচনায় আসনের ভারসাম্যহীনতা থাকলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয় না। এবার ইসি প্রশাসনিক অখণ্ডতার ওপর বেশি জোর দিয়েছে। কিন্তু সব জায়গায় উপজেলার অখণ্ডতা রাখা সম্ভব নয়।

এম সাখাওয়াত আরও বলেন, তাঁরা সীমানা নির্ধারণের ক্ষেত্রে জনসংখ্যার ব্যবধান জেলা কোটার ২৫ শতাংশের মধ্যে রাখার নীতি নিয়েছিলেন। এবার ইসি হয়তো সে ধরনের নীতি নেয়নি। তবে আইনসম্মতভাবে আসনবিন্যাস হয়েছে। তিনি মনে করেন, সীমানা নির্ধারণ আইন পরিবর্তন করা দরকার। রাজধানীর মতো বড় শহরে আসনসংখ্যা নির্দিষ্ট রেখে নতুন আইন করার পরামর্শ দেন তিনি।