জামিনে মুক্ত মোজাম্মেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার থেকে বের হওয়ার পর স্ত্রী রিজু আক্তারের সঙ্গে মোজাম্মেল হক চৌধুরী। ছবি: তানভীর আহাম্মেদ
কারাগার থেকে বের হওয়ার পর স্ত্রী রিজু আক্তারের সঙ্গে মোজাম্মেল হক চৌধুরী। ছবি: তানভীর আহাম্মেদ

জামিনে মুক্তি পেয়েছেন যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

এর আগে গত মঙ্গলবার চাঁদাবাজির মামলায় মোজাম্মেলকে জামিন দেন আদালত । কিন্তু পুলিশ বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকের আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তারের আবেদন করে। বৃহস্পতিবার ওই গ্রেপ্তার আবেদনের ওপর শুনানি শেষে আদালত তা নাকচ করে দেন। এর ফলে মোজাম্মেলের জামিনের ক্ষেত্রে আর কোনো বাধা থাকেনি।

মোজাম্মেল হক চৌধুরীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত জেলার জাহিদুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, জামিনের কাগজপত্র যাচাই–বাছাই করে তাঁকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে।

কারাগার থেকে বেরিয়ে মোজাম্মেল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি গণমানুষের সেবার জন্য কাজ করছি। পরিবহন খাতে কিছু দুর্বৃত্ত রয়েছে, যারা যানবাহনের প্রকৃত মালিক নয়, তাদেরই ষড়যন্ত্রের শিকার আমি।’

এ সময় কারা ফটকের সামনে ছিলেন মোজাম্মেল হকের স্ত্রী রিজু আক্তার, ছোট ভাই আজিজুল হক চৌধুরী, যাত্রীকল্যাণ সমিতির সদস্য শামছুল হক চৌধুরী, মোজাম্মেলের আইনজীবীর সহকারী জায়েদুর রহমান প্রমুখ।