জাহালমের ক্ষতিপূরণের রায় স্থগিত চায় ব্র্যাক ব্যাংক
বিনা দোষে তিন বছর জেল খাটা জাহালমকে ১৫ লাখ টাকা ব্র্যাক ব্যাংককে ক্ষতিপূরণ দিতে হাইকোর্ট যে রায় দিয়েছেন, তা স্থগিত চেয়ে আবেদন করেছে ব্যাংকটি।
ব্র্যাক ব্যাংকের আইনজীবী আনিসুল হাসান আজ সোমবার প্রথম আলোকে এই তথ্য জানান।
আনিসুল হাসান বলেন, শিগগির আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।
জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গত ৩০ সেপ্টেম্বর রায় দেন হাইকোর্ট।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
রায়ে হাইকোর্ট বলেন, জাহালমকে ক্ষতিপূরণের টাকা দেবে ব্র্যাক ব্যাংক।
রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার জানিয়েছিলেন, রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে জাহালমকে ক্ষতিপূরণের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
দুদকের মামলায় গ্রেপ্তার হয়ে তিন বছর জাহালমের কারাভোগ নিয়ে ২০১৯ সালের ২৮ জানুয়ারি ‘৩৩ মামলায় ভুল আসামি জেলে: ‘‘স্যার, আমি জাহালম, সালেক না’’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। একজন আইনজীবী প্রতিবেদনটি নজরে আনলে হাইকোর্টের ওই বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। হাইকোর্টের আদেশে জাহালম ওই বছরের ৩ ফেব্রুয়ারি মুক্তি পান। একই সঙ্গে জাহালমকে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেন। জাহালমের ক্ষতিপূরণ প্রশ্নে দুদক, সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংকসহ সব পক্ষের বক্তব্য শুনে ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট জাহালমকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।
রায়ে হাইকোর্ট বলেন, সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা আত্মসাৎ মামলার প্রধান আসামি আবু সালেকের বদলে নিরীহ জাহালমকে আসামি করে দুদক চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। দুদকের ১২ জন তদন্তকারী কর্মকর্তার মারাত্মক অবহেলার কারণে জাহালমকে তিন বছর জেল খাটতে হয়েছে। ভবিষ্যতে যেন জাহালমের মতো আর একজনও ভুল আসামি না হন, সে ব্যাপারে দুদককে সতর্ক করেন হাইকোর্ট।
রায়ে আদালত বলেন, দুদকের কর্মকর্তারা জাহালমের মতো নিরীহ একজন ব্যক্তিকে ভুলভাবে মামলার আসামি করেছেন। দুদকের ১২ জন কর্মকর্তা মারাত্মক অবহেলা করেছেন। এই কর্মকর্তাদের বিরুদ্ধে করা বিভাগীয় মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট।
সালেকের বদলে জাহালমকে চিহ্নিত করার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের দুজন কর্মকর্তা অন্যতম ভূমিকা রেখেছেন বলে রায়ে আদালত উল্লেখ করেন।