ডব্লিউএইচও রোড সেফটি রিপোর্টিংয়ে সেরা প্রথম আলোর আনোয়ার হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন

সড়ক নিরাপত্তা নিয়ে ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোড সেফটি রিপোর্টিং-২০২১’ প্রতিযোগিতায় বাংলাদেশে প্রথম হয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট (আইসিএফজে) এ প্রতিযোগিতার আয়োজন করে।

গত সোমবার রাতে প্রতিযোগিতার ফল আইসিএফজের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিশ্বের ছয়টি সড়ক দুর্ঘটনাপ্রবণ দেশে প্রকাশিত এ–সংক্রান্ত প্রতিবেদনের ওপর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, ঘানা, ভারত ও উগান্ডা।

এসব দেশের গণমাধ্যমে প্রকাশিত সড়ক দুর্ঘটনা, এ–সংক্রান্ত আইনের দুর্বলতা, সড়কের ত্রুটিপূর্ণ নকশা, অনিরাপদ পুরোনো যানবাহনের ব্যবহার এবং সড়ক দুর্ঘটনার আর্থসামাজিক ক্ষতি নিয়ে করা ১০০টি প্রতিবেদন প্রতিযোগিতায় জমা পড়ে। এর মধ্যে প্রতি দেশ থেকে তিনজনকে পুরস্কৃত করা হয়েছে। বিচারক ছিলেন ডব্লিউএইচও ও আইসিএফজের বিশেষজ্ঞ দল।

বাংলাদেশে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন ‘নিরাপদ সড়ক: সব উদ্যোগই আটকে আছে’ শীর্ষক প্রতিবেদনের জন্য প্রথম পুরস্কার পেয়েছেন। গত ২৭ নভেম্বর প্রথম আলোয় এ প্রতিবেদন ছাপা হয়।

‘সব উদ্যোগই আটকে আছে’–শিরোনামের প্রতিবেদনের জন্য আন্তর্জাতিক এই পুরস্কার পেলেন আনোয়ার হোসেন

ওই প্রতিবেদনে প্রভাবশালী পরিবহন মালিক-শ্রমিকনেতাদের চাপে কীভাবে নিরাপদ সড়কের সরকারি উদ্যোগ আটকে যায়, সে বিষয় উঠে এসেছে। রাজনৈতিকভাবে প্রভাবশালী এসব নেতার চাপে সড়ক পরিবহন আইন পরিবর্তন করে অপরাধের শাস্তি শিথিল করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিও উঠে আসে। দেশে বছর বছর সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বৃদ্ধি, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টিও প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে।

দেশে সড়ক দুর্ঘটনায় হতাহতের খবরের পাশাপাশি নিরাপদ সড়ক বিষয়ে প্রতিবেদন গুরুত্ব দিয়ে প্রকাশ করে প্রথম আলো।

বাংলাদেশে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক তুহিন শুভ্র অধিকারী। তৃতীয় হয়েছেন নিউ নেশন পত্রিকার জাকির হোসেন চৌধুরী।

প্রতিযোগিতায় প্রথম স্থানের পুরস্কারের আর্থিক মূল্যমান দেড় হাজার ডলার। দ্বিতীয় ১ হাজার এবং তৃতীয় স্থানের জন্য ৫০০ ডলার।

ভারতে সড়ক দুর্ঘটনার প্রতিবেদনের জন্য টাইমস অব ইন্ডিয়ার দুজন এবং হিন্দুস্থান টাইমসের একজন সাংবাদিক পুরস্কার পেয়েছেন।

ডব্লিউএইচওর গবেষণা তথ্য তুলে ধরে পুরস্কার ঘোষণার বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা বিশ্বে প্রতিবছর ১৩ লাখের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এর মধ্যে প্রতি ১০ জনে ৯ জনই মারা যায় নিম্ন এবং নিম্নমধ্যম আয়ের দেশগুলোতে। শিশু ও কমবয়সীদের মৃত্যুর দিক থেকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু শীর্ষে। প্রতিবছর প্রায় পাঁচ কোটি মানুষ সড়ক দুর্ঘটনায় আহত হয়।

নিরাপদ সড়কের ইস্যুটি বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে আইসিএফজের ভাইস প্রেসিডেন্ট জোহান্না ক্যারিলো বলেন, গভীর বিশ্লেষণ এবং সমাধানধর্মী সংবাদ প্রকাশই নিরাপদ সড়কের মতো গুরুত্বপূর্ণ বিষয়টিকে সামনে নিয়ে আসতে পারে।

ডব্লিউএইচওর সেফটি অ্যান্ড মবিলিটি বিভাগের প্রধান হান ট্র্যান প্রতিযোগিতার বিষয়ে বলেন, বৈশ্বিকভাবে বহুল প্রচারিত ও আলোচিত কিছু প্রতিবেদনকেই পুরস্কৃত করা হয়েছে। এসব প্রতিবেদন নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং সড়কে প্রতিদিন বিপুল মানুষের হতাহতের মতো মর্মান্তিক ঘটনা কমানোর প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাবে।

প্রতিযোগিতার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ডব্লিউএইচও ও আইসিএফজে যৌথভাবে নিরাপদ সড়ক নিশ্চিতে মানসম্মত প্রতিবেদন তৈরির জন্য নানা কর্মসূচি নিয়েছে। এই দুটি সংস্থা বিশ্বের ১৫টি দেশে কাজ করছে, যা ব্লুমবার্গ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি কর্মসূচির অংশ।