দণ্ডিত দুই শিশুকে তাৎক্ষণিক মুক্তি দিতে হাইকোর্টে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

বাল্যবিবাহ নিরোধ আইনে নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত দুই শিশুকে তাৎক্ষণিক মুক্তি দিতে স্বতঃপ্রণোদিত আদেশ চেয়ে হাইকোর্টে লিখিত আবেদন দাখিল করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে ই-মেইলে এই ঘটনা নিয়ে ‘বাল্যবিবাহ নিরোধ আইনে দুই শিশুকে দণ্ড’ শিরোনামে আজ বুধবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনসহ লিখিত আবেদনটি দাখিল করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইনে দুই শিশুকে এক মাসের দণ্ডাদেশ দিয়েছেন নেত্রকোনার আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। গত রোববার রাতে আটপাড়ায় সুলতানা রাজিয়া তাঁর নিজ কার্যালয়ে এই দণ্ডাদেশ দেন। একই সঙ্গে শিশু দুটিকে গাজীপুরে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক-বালিকা) পাঠানোর নির্দেশ দেন। শিশু দুটি গতকাল মঙ্গলবার পর্যন্ত নেত্রকোনা জেলা কারাগারে ছিল।

ভ্রাম্যমাণ আদালতের এমন রায়ে শিশু দুটির পরিবার, আইনজীবী ও সচেতন মহলে প্রতিক্রিয়া দেখা গেছে।

শিশু দুটির বাড়ি আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নে। তাঁদের মধ্যে নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েটির বয়স ১৫ বছর (জেএসসির নিবন্ধন কার্ড অনুযায়ী)। ছেলেটিও সমবয়সী।

আইনজীবী শিশির মনিরের লিখিত আবেদনের শেষাংশে বলা হয়, ১৯৭২ সালের সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) রুলসের (সংশোধিত-২০১২ পর্যন্ত) ১১ ক অধ্যায়ের ১০ বিধি অনুসারে এই চিঠিটি (লিখিত আবেদন) সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুয়ায়ী আবেদন হিসেবে বিবেচনা করে প্রথম আলো পত্রিকার প্রতিবেদনটি আমলে নিয়ে উল্লেখিত শিশুদের তাৎক্ষণিক মুক্তির আদেশ দিতে বা ক্ষেত্রমতে উপযুক্ত আদেশ প্রদানে আদালতের একান্ত মর্জি হয়।

পরে আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এর আগে শিশুদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়, যা নজরে আনা হলে হাইকোর্ট প্রথমে স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। পরবর্তীকালে ‘রাষ্ট্র বনাম আইন মন্ত্রণালয় ও অন্যান্য’ শীর্ষক ওই মামলায় হাইকোর্ট ২০২০ সালের ১১ মার্চ রায় দেন। রায়ে শিশু আইনের অধীন ভ্রাম্যমাণ আদালতের সাজা দেওয়ার কোনো এখতিয়ার নেই বলে আদালত সিদ্ধান্ত দেন। ফলে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজা এখতিয়ারবহির্ভূত। ওই রায়ের অনুলিপি সংযুক্তি হিসেবে ই-মেইলে পাঠানো হয়েছে। দুই শিশুকে তাৎক্ষণিক মুক্তি দিতে স্বতঃপ্রণোদিত আদেশ চেয়ে লিখিত ওই আবেদন দাখিল করা হয়েছে।

দুই শিশুর পারিবারিক সূত্রের বরাত দিয়ে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে প্রায় দুই বছর ধরে তারা দুজন লেখাপড়ার পাশাপাশি ঢাকায় তৈরি পোশাক কারখানায় চাকরি নেয়। এ সময় উভয়ের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি মেয়েটি ছেলেটিকে বিয়ে করার জন্য চাপ দেয়। কিন্তু ছেলেটি তা প্রত্যাখ্যান করে। গত ঈদুল আজহায় তারা গ্রামের বাড়িতে আসে। এরপর বিয়ের দাবিতে মেয়েটি গত সপ্তাহে বুধবার রাত থেকে ছেলের বাড়িতে অবস্থান নেয়। নিরুপায় হয়ে গত রোববার সন্ধ্যায় উভয় পরিবার তাদের বিয়ের আয়োজন করে। বাল্যবিবাহের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া সেখানে পুলিশ পাঠান। এরপর দুজনকে তাঁর কার্যালয়ে এনে রাত আটটার দিকে ভ্রাম্যমাণ আদালত বসান। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী, দুজনকেই এক মাসের জন্য আটকাদেশ দিয়ে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন