দিল্লির কাছে কিছু জানতে চায়নি ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেদ হাসান ইমরান
আহমেদ হাসান ইমরান

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাজ্যসভার সদস্য আহমেদ হাসান ইমরানের বিরুদ্ধে বাংলাদেশে জামায়াতে ইসলামীর সহিংসতায় অর্থায়নের অভিযোগের বিষয়ে ঢাকা নয়াদিল্লির কাছে এখনো কোনো তথ্য চায়নি।
এদিকে এমপি ইমরান বিতর্কিত সারদা গোষ্ঠীর সঙ্গে তাঁর বাণিজ্যিক সম্পর্কের কথা স্বীকার করলেও বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতায় অর্থায়নের অভিযোগকে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক শত্রুতা বলে দাবি করেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন গতকাল সোমবার নয়াদিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেছেন, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের এমপি আহমেদ হাসান ইমরানের বিরুদ্ধে বাংলাদেশে সরকারবিরোধী যেসব কাজের অভিযোগ উঠেছে, বাংলাদেশ সরকার সরকারিভাবে সে বিষয়ে ভারতের কাছ থেকে এখনো কিছু জানতে চায়নি। ঢাকায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকেও দিল্লিকে কিছু জানানো হয়নি।
স্বল্প পরিচিত তৃণমূল কংগ্রেসের এই সাংসদের নাম এখন বিভিন্ন মহলে আলোচিত। কলকাতার বিতর্কিত সারদা গোষ্ঠীর টাকা তাঁর মাধ্যমে বাংলাদেশে জামায়াতে ইসলামীর কাছে এসেছিল বলে অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, সেই টাকা জামায়াত সরকারবিরোধী তৎপরতায় ব্যবহার করেছে। তাঁর বিরুদ্ধে বাংলাদেশ হয়ে বিদেশে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এরই মধ্যে তাঁকে একাধিকবার জেরা করেছে।
তবে আহমেদ হাসান ইমরান গতকাল প্রথম আলোর সঙ্গে আলাপকালে স্বীকার করেছেন, সারদার সঙ্গে তাঁর সম্পাদিত পত্রিকা কলম-এর ব্যবসায়িক দিক নিয়ে সম্পর্ক ছিল। তবে সারদার টাকা বাংলাদেশে পাঠানোর অভিযোগ তিনি অস্বীকার করেন।
পশ্চিমবঙ্গের বিজেপি দলের রাজ্য সভাপতি রাহুল সিনহা অবশ্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে একটি চিঠি লিখে সারদা তদন্তে কোনো রকমের ঢিলেমি না দেওয়ার অনুরোধ করেছেন। তিনি বলেছেন, তদন্ত যেন ধামাচাপা দেওয়া না হয়। রাজনাথ সিং এ বিষয়ে আগেই বলেছেন, আইন তার পথেই চলবে।
ইমরানের বিরুদ্ধে অভিযোগ তদন্তের অনুরোধ জানিয়েছে পশ্চিমবঙ্গ বামফ্রন্ট ও রাজ্য কংগ্রেসও।
তদন্তে কেন্দ্রীয় সরকার, তৃণমূল-বিজেপির বাদানুবাদ চিট ফান্ডের মাধ্যমে সারদার আর্থিক কেলেঙ্কারির ঘটনায় গত বছর গ্রেপ্তার হন সারদার প্রধান সুদীপ্ত সেন। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসতে থাকে একের পর এক তথ্য। নাম আসে রাজনীতিবিদ, চলচ্চিত্র তারকাসহ বহু পরিচিত মুখের। তবে এতে সবচেয়ে বেশি বেকায়তায় আছে তৃণমূল কংগ্রেস।
কে এই ইমরান: গতকাল প্রথম আলোর সঙ্গে আলাপকালে ইমরান বলেছেন, তাঁর জন্ম পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালনদী চা-বাগান এলাকায়। এই চা-বাগানের একজন কর্মী ছিলেন তাঁর বাবা। ছোটবেলা থেকে সাংবাদিকতার প্রতি ঝোঁক থাকায় ১৯৮১ সালে মাসিক কলম পত্রিকা বের করেন। পরে এটি সাপ্তাহিক হয়। মুসলিম সমাজের নানা দিক তুলে ধরাই ছিল তাঁর পত্রিকার অন্যতম আদর্শ।
ইমরানের ভাষ্য, ১৯৭৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিমি) সঙ্গে যুক্ত ছিলেন। ’৭৮ ও ’৭৯ সালে তিনি পশ্চিমবঙ্গের সিমির রাজ্য সভাপতিও ছিলেন। পরে ২০০১ সালে বিজেপির আমলে সিমিকে নিষিদ্ধ করা হয়। তাঁর প্রশ্ন, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসও তিনবার নিষিদ্ধ হয়েছিল। ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই আরএসএসের সদস্য ছিলেন।
ইমরান জানান, তিনি বাংলাদেশের নয়া দিগন্ত পত্রিকার কলকাতা প্রতিনিধি হিসেবে যোগ দেন ২০০৪ সালে। আর সেখান থেকে বিদায় নেন ২০১১ সালে।
ইমরানের দাবি, তিস্তা চুক্তি নিয়ে তৃণমূলের কোনো নেতা তাঁর সঙ্গে আলোচনা করেননি। আর তিনি রাজনীতির শিকার হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলে।