দুটি উড়োজাহাজের একটি জেদ্দার পথে, আরেকটি কাল যাবে সিলেট
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকৌশল হ্যাঙ্গারে উড়োজাহাজ ধাক্কার ঘটনায় ক্ষতিগ্রস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি উড়োজাহাজ মেরামত করা হয়েছে। এর মধ্যে একটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজ ইতিমধ্যেই যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা হয়েছে। আরেকটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজের আগামীকাল সকালে যাত্রী নিয়ে সিলেট যাওয়ার কথা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিমানের সংশ্লিষ্ট সূত্র জানায়, মেরামত শেষে বোয়িং–৭৭৭ উড়োজাহাজটি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করেছে। ক্ষতিগ্রস্ত বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি বহরে যুক্ত করেছে বিমান। এ উড়োজাহাজটি আগামীকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে সিলেট যাওয়ার কথা।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বলছে, বিমানের দক্ষ প্রকৌশলীদের প্রচেষ্টায় এবং উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংয়ের সহায়তায় স্বল্প সময়ের মধ্যে উড্ডয়নক্ষম করা হয়েছে উড়োজাহাজ দুটি।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিমানের দক্ষ প্রকৌশলীরা বাংলা নববর্ষের শুরুতে তাঁদের নৈপুণ্য প্রদর্শন করতে সক্ষম হয়েছেন। ইনসিডেন্টের বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।’
১০ এপ্রিলে বেলা দেড়টায় বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ হ্যাঙ্গারের অভ্যন্তরে প্রবেশ করানোর সময় আগে থেকেই সেখানে থাকা বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এতে ৭৭৭ উড়োজাহাজের র্যাডোম ও সামনের বাল্কহেড এবং ৭৩৭ উড়োজাহাজের বাঁ দিকের আনুভূমিক (হরাইজন্টাল) স্ট্যাবিলাইজারের কোনার অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।