দুটির বাইরে অন্য এয়ারলাইনসেও হজে যেতে পারবেন যাত্রীরা
দুটি এয়ারলাইনসের মাধ্যমে হজে গমনেচ্ছুক ব্যক্তিদের যেতে হবে—এমন সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি) খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ।
আজ বৃহস্পতিবার আপিল বিভাগের এ আদেশের ফলে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনসের বাইরের যেকোনো এয়ারলাইনসে করে হজে যেতে পারবেন বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী।
দুটি এয়ারলাইনসে করে হজে যেতে হবে বা হজে যাওয়ার জন্য সরকারের এক সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৪ সালে রিট করা হয়েছিল। এই রিটের চূড়ান্ত শুনানি শেষে ওই বছরের ২০ ফেব্রুয়ারি হাইকোর্ট অবৈধ ঘোষণা করে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। আজ আপিল বিভাগ তা খারিজ করেন দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও মাহবুব শফিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুস সালাম মণ্ডল।
মাহবুব শফিক পরে প্রথম আলোকে বলেন, আপিল বিভাগে লিভ টু আপিল খারিজ হয়েছে। ফলে ওই দুটি এয়ারলাইনসের বাইরে অন্য কোনো এয়ারলাইনসে হজে গমনেচ্ছুক ব্যক্তিরা যেতে পারবেন।
গত ২৪ এপ্রিল ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বৈঠকে সিদ্ধান্ত হয়, হজযাত্রীদের ৫০ শতাংশ বাংলাদেশ এয়ারলাইনসে ও ৫০ শতাংশ সৌদি এয়ারলাইনসে সৌদি আরব যাবে। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হজে গমনেচ্ছুক রেজাউল ইসলাম, আল মাহমুদ ট্রাভেলসের প্রোপ্রাইটার আবদুল কবীর খান ও হজ এজেন্সি অব বাংলাদেশের (হাব) পক্ষে একটি রিট আবেদনটি করা হয়। শুনানি শেষে হজে গমনেচ্ছুকেরা পছন্দের এয়ারলাইনসে করে সৌদি আরব যেতে পারবেন বলে অনুমতি দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে অন্তর্বর্তী এ আদেশের পাশাপাশি রুলও জারি করেন।
ওই রুলে আন্তমন্ত্রণালয়ের ওই সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান ও পর্যটন সচিবসহ তিন বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। রিট আবেদনে বলা হয়, দুটি এয়ার ওয়েজের মাধ্যমে হজ করতে যাওয়ার বিষয়টি নির্দিষ্ট করে দেওয়ায় এক ধরনের সংকট তৈরি হচ্ছে।