নবজাতককে 'মৃত' ঘোষণা: তদন্ত কমিটি পুনর্গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মৃত’ ঘোষণার পর দাফনের জন্য গোসল করানোর সময় নড়ে ওঠা নবজাতককে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। জীবিত নবজাতককে মৃত ঘোষণায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছিল। তবে আজ বুধবার কর্তৃপক্ষ তদন্ত কমিটি পুনর্গঠন করেছে।

ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নবজাতকটি মারা যায়। আগের চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রধান ছিলেন হাসপাতালের উপপরিচালক চিকিৎসক বিদ্যুৎ কান্তি পাল। বর্তমানে ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিতে বিদ্যুৎ কান্তি পাল সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। আর এবারের কমিটিতে প্রধান হিসেবে আছেন হাসপাতালের নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মনীষা ব্যানার্জি।

এর আগে বিদ্যুৎ কান্তি পাল প্রথম আলোকে বলেছিলেন ‘আমরা কাজ শুরু করেছি। প্রাথমিকভাবে প্রসবের সময় থাকা দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলা হচ্ছে। প্রসব ব্যবস্থাপনার বিভিন্ন রেকর্ডপত্র দেখা হচ্ছে। তদন্ত শেষ করতে আর একটু সময় লাগবে।’

বিদ্যুৎ কান্তি পাল বলেন, বিষয়টিকে হাসপাতাল কর্তৃপক্ষ গুরুত্ব দিয়েছে, তাই কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত সোমবার সকাল সাড়ে সাতটার দিকে পোশাকশ্রমিক শারমিন আক্তার (২৪) একটি কন্যাসন্তান প্রসব করেন। জন্মের পর নবজাতকটিকে মৃত ঘোষণা করা হয়। তবে আজিমপুর কবরস্থানে দাফনের জন্য গোসল করানোর সময় সে হঠাৎ নড়ে ওঠে। প্রথমে তাকে আজিমপুর মাতৃসদনে ও পরে ঢাকা শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (কার্ডিয়াক আইসিইউ) নেওয়া হয়েছিল। পরে সে মারা যায়।

নবজাতকটির মামা শরিফুল ইসলামের কাছে থাকা কাগজপত্রে দেখা যায়, সরকারি একটি ফরমে নবজাতকটির মৃত্যুর জায়গায় ইংরেজিতে আইইউডি বা মায়ের পেটেই মারা গেছে উল্লেখ করা হয়েছে। আজিমপুর কবরস্থানের কাগজপত্রে নবজাতকের নাম ‘মীম’ লেখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রসবের আগে ধামরাই ও সাভারে দুটি ক্লিনিকে প্রসূতিকে নেওয়া হয়েছিল। বর্তমানে নবজাতকটির মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন।