নিজামীর আপিলের শুনানি কাল শেষ হতে পারে
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের ওপর রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। আসামির সর্বোচ্চ সাজা বহাল রাখার আরজি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আগামীকাল মঙ্গলবার আসামিপক্ষের যুক্তি খণ্ডনের মধ্য দিয়ে এই আপিলের শুনানি শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে আজ সোমবার রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ করেন অ্যাটর্নি জেনারেল। পরে তিনি সাংবাদিকদের কাছে তাঁর আশার কথা প্রকাশ করেন।
আজকের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাহজাহান।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, নিজামী যখন জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন, তখনই আলবদর বাহিনী গঠিত হয়েছিল। তাঁর পরিকল্পনা, উসকানি ও সহযোগিতায় আলবদর বাহিনী বুদ্ধিজীবী নিধন করে।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় হিটলারের ভূমিকার উদাহরণ দিয়ে মাহবুবে আলম বলেন, হিলটার নিজ হাতে কাউকে মেরেছেন—এমন কথা কেউ বলেননি। কিন্তু ইহুদি নিধনের মূল পরিকল্পনাকারী তিনি।
শুনানিতে নিজামীর সর্বোচ্চ সাজা বহাল রাখার আরজি জানান অ্যাটর্নি জেনারেল।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে গত বছরের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে গঠন করা ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এর মধ্যে চারটি অভিযোগে তাঁকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়।
রায়ে ট্রাইব্যুনাল বলেন, নিজামী ছিলেন জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘের সভাপতি। ছাত্র সংঘই পরে আলবদর বাহিনীতে পরিণত হয়, আর গুপ্তঘাতক আলবদর বাহিনীই মুক্তিযুদ্ধের শেষ দিকে পাকিস্তানি সেনাদের সঙ্গে মিলে বুদ্ধিজীবী নিধন চালায়। আলবদর বাহিনীর অপরাধ ও কৃতকর্মের দায়দায়িত্ব নেতা হিসেবে নিজামীর ওপর বর্তায়।
ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন নিজামী। গত ৯ সেপ্টেম্বর আপিলের শুনানি শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ২ ডিসেম্বর আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করে। ওই দিন আসামিপক্ষ যুক্তি উপস্থাপনকালে নিজামীর সাজা কমানোর আরজি জানায়।
আদালতের বেঁধে দেওয়া সময় অনুসারে আজ (৭ ডিসেম্বর) রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করেছে। ওই যুক্তি কাল খণ্ডন করবে আসামিপক্ষ।
আরও পড়ুন..
সাজা কমানোর আরজি নিয়ে দুই ধরনের ব্যাখ্যা