নির্বিচার ধরপাকড় বন্ধে আবার নারীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া বড়করিমপুর জেলেপল্লির আশপাশের গ্রামগুলো পুরুষশূন্য হয়ে পড়েছে। ধরপাকড় বন্ধে নারীরা সোমবার বটেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিক্ষোভ করেন। এ সময় ক্ষুব্ধ নারীদের সঙ্গে কথা বলেন পীরগঞ্জের ইউএনও
ছবি: প্রথম আলো

রংপুরের পীরগঞ্জের জেলেপল্লিতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের ধরপাকড় বন্ধে আবারও স্থানীয় নারীরা বিক্ষোভ করেছেন। সোমবার দুপুর দুইটার দিকে বটেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুই শতাধিক নারী জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রামনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসে তাঁদের সঙ্গে কথা বললে নারীরা ফিরে যান।

বিক্ষোভে অংশ নেওয়া নারীদের অভিযোগ, জেলেপল্লিতে হামলার ঘটনার পর আশপাশের গ্রামের নিরপরাধ লোকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয়ে আশপাশের ৯টি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।

অন্তত ১০ নারী জানান, নির্বিচার গ্রেপ্তার না করার দাবিতে গত শুক্রবার দুপুরে তাঁরা বটেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিক্ষোভ করেন। ওইদিন পীরগঞ্জ থানার উপপরিদর্শক একরামুল হক নারীদের নিয়ে আলোচনার প্রতিশ্রুতি দেন। সেই অনুযায়ী গত রোববার তাঁদের সঙ্গে বসার কথা ছিল। ওই দিন না বসায় নারীরা সোমবার দুপুরে আবারও বিক্ষোভ শুরু করেন। বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে আসেন পীরগঞ্জের ইউএনও বিরোদা রাণী রায়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রামনাথপুর ইউপির চেয়ারম্যান সাদেকুল ইসলাম।

আরও পড়ুন

ইউএনও নারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা এখানে গণজমায়েত করেছেন এটা অপরাধ। আপনাদের এ অপরাধ আমরা আমলে নিচ্ছি না। আর নিরাপরাধ মানুষকে পুলিশ ধরছে না। আপনাদের স্বামী–সন্তান যে নিরপরাধ তা আপনাদের প্রমাণ করতে হবে। দোষ না করলে বাড়ি ছেড়ে পালিয়ে থাকবে কেন? আপনারা ঘরে ফিরে যান। আমরা তদন্ত করে দেখব কে নির্দোষ আর কে দোষী।’

পরে ইউএনও ও চেয়ারম্যানের আশ্বাসে বেলা তিনটার দিকে নারীরা সেখান থেকে চলে যান। বিক্ষোভে অংশ নেওয়া বউবাজার গ্রামের সেলিনা বেগম বলেন, ‘গ্রামোত কোনো পুরুষ মানুষ নাই। পুলিশ ভালো মানুষ ও অপরাধী কিছুই বোঝে না। যাকে পায় তাকে ধরি জেলোত দেয়। ওই জন্যে স্বামী, ছইল বাড়ি ছাড়ছে। ঘর–সংসার নিয়া একলা থাকির নাকে। খুব যন্ত্রণা হইচে। সেই জন্য আসছি যাতে আর ধরাধরি না করে।’

আরও পড়ুন