পর্যটন খাতকে সমৃদ্ধ করতে নতুন নতুন উদ্যোগ, বাজেটে প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্র সৈকত
ফাইল ছবি

দেশের পর্যটনশিল্পকে সমৃদ্ধ করতে কক্সবাজারে কয়েকটি আন্তর্জাতিক মানের আবাসন ও বিনোদনকেন্দ্র স্থাপনে ট্যুরিজম পার্ক করতে যাচ্ছে সরকার। পাশাপাশি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দরসহ দেশের কয়েকটি বিমানবন্দরে নির্মাণ ও সংস্কারকাজ চলছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণায় এসব কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট বক্তৃতায় তিনি বলেন, পর্যটন খাতকে সমৃদ্ধ করার জন্য আন্তর্জাতিক মানের আবাসন ও বিনোদনসুবিধা নিয়ে কক্সবাজার জেলার সাবরাং ট্যুরিজম পার্ক, নাফ ট্যুরিজম পার্ক এবং সোনাদিয়ায় ইকো ট্যুরিজম পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

করোনার সময় দেশের পর্যটনশিল্প মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ পরিস্থিতিতে এ শিল্পকে সহায়তা করার জন্য এক হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছে। বাংলাদেশের পর্যটন সম্ভাবনাময় এলাকাগুলোর উন্নয়নে সরকারি অর্থায়নে ১০টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি করতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে জানিয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশে আন্তর্জাতিক মানের উড়োজাহাজ পরিবহনব্যবস্থা গড়ে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ২০২৩ সালের মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে।

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালের নির্মাণকাজও পুরোদমে এগিয়ে চলছে। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার জন্য প্রকল্প প্রণয়ন করা হচ্ছে।