পাঁচ মেয়র প্রার্থীর ইশতাহারে দেওয়া প্রতিশ্রুতি প্রায় একই রকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফুল হক চৌধুরী ও বদরউদ্দীন আহমদ কামরান। ফাইল ছবি
আরিফুল হক চৌধুরী ও বদরউদ্দীন আহমদ কামরান। ফাইল ছবি

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের কাছে নিজেদের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেছেন মেয়র প্রার্থীরা। তিন দিনে পাঁচজন প্রার্থী তাঁদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ওই সব ইশতেহার পর্যালোচনা করে দেখা গেছে, সবার নির্বাচনী ইশতেহারই প্রায় এক রকম। কাছাকাছি ধরনের প্রতিশ্রুতি তুলে ধরেছেন তাঁরা। কিছুটা ব্যতিক্রমও আছে।

গত বুধবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান ও সিপিবি-বাসদ মনোনীত মেয়র প্রার্থী মো. আবু জাফর। গত বৃহস্পতিবার ইশতেহার তুলে ধরেন বিএনপির মেয়র প্রার্থী সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেট মহানগর জামায়াতের আমির ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের। গতকাল শুক্রবার ইশতেহার ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশর প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান।

এই পাঁচ প্রার্থীর ইশতেহার বিশ্লেষণ করে দেখা গেছে, বদরউদ্দিন আহমদ কামরান দেশের প্রথম ডিজিটাল নগরী হিসেবে সিলেটকে গড়ে তুলতে ৩৩ দফা ইশতেহার ঘোষণা করেন। অন্যদিকে, প্রযুক্তিনির্ভর সিলেট গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে ইশতেহারে জানিয়েছেন আরিফুল হক চৌধুরী। তিনি তথ্যসেবা দেওয়ার জন্য ফ্রি ওয়াই-ফাই জোন তৈরি করার প্রতিশ্রুতি দেন। এহসানুল মাহবুব পরিচ্ছন্ন, সবুজ, আলোকিত ও স্মার্ট নগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সিলেট নগরীকে শান্তির নগরী গড়তে চান মোয়াজ্জেম হোসেন খান।

পাঁচ প্রার্থীই ফুটপাত দখলমুক্ত করা ও সম্প্রসারণ, হকারদের জন্য হলিডে মার্কেট চালু, জলাবদ্ধতামুক্ত নগর, বিশুদ্ধ পানির অভাব দূরসহ নানা ধরনের সুবিধা নিশ্চিত করবেন বলে জানিয়েছেন। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে দূষণ কমানো, শিক্ষার উন্নয়ন, বিদ্যুৎ-গ্যাস বিভ্রাট দূর করা, স্বাস্থ্যসেবার উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ঘোষণা দেন চার মেয়র প্রার্থী। ইশতেহারের এসব বিষয়ে সবারই মিল রয়েছে।

আওয়ামী লীগ প্রার্থী কামরান ইশতেহারে নগরবাসীর জন্য নতুন কোনো করারোপ না করার ঘোষণা দেন। এটি অন্য মেয়র প্রার্থীদের মধ্যে নেই। কামরান বলেন, নতুন কোনো করারোপ ছাড়াই নগরীর অবকাঠামোগত উন্নয়ন করা হবে। নির্বাচিত হলে আগামী পাঁচ বছরই কি নতুন করারোপ করা হবে না—প্রথম আলোর এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, সিটি করপোরেশনের করারোপের ক্ষেত্রে একটি নীতিমালা রয়েছে। নীতিমালার বাইরে কোনো করারোপ করা হবে না।

ইশতেহারে বাসদ নেতা মো. আবু জাফর বলেন, সিটি করপোরেশনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বিশিষ্ট নাগরিক, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, যুব ও নারী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে নগর কাউন্সিলর গঠন করা হবে। আর বদরউদ্দিন আহমদ কামরান বলেন, ওয়ার্ডভিত্তিক উন্নয়ন কমিটির মাধ্যমে নগরবাসীকে উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা হবে। কামরান মনে করেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠন না হওয়ায় পরিকল্পিত উন্নয়ন থেকে নগরবাসী বঞ্চিত হচ্ছে। তাই এ বিষয়ে উদ্যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি।

দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে তরুণদের নিয়ে ‘ড্রিমটিম’ গঠন করার ঘোষণা দেন বিএনপির আরিফুল হক। আউটসোর্সিংয়ের মাধ্যমে এ প্রকল্পে শিক্ষিত বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুযোগ দেওয়া হবে। সিলেট সিটি করপোরেশনকে সম্প্রসারণ করার ক্ষেত্র এবং সিলেটকে তথ্যপ্রযুক্তিসমৃদ্ধ নতুন সিলেট গড়তে এই ড্রিমটিম গবেষণা করবে।

আগামীর সিলেট গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা লাগবে বলে উল্লেখ করেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন অনেক সহজ হলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনেক কিছুর ওপর নির্ভরশীল। আগামীর সিলেট কিংবা আগামী ৩০ বা ৫০ বছর পর সিলেটকে যেভাবে মানুষ দেখতে চান, তার চিন্তাভাবনা এখনই শুরু করাই জরুরি বলে উল্লেখ করেন আরিফুল হক। তাঁর মতে, এটা কোনো অলীক স্বপ্ন নয়। ড্রিমটিমের মাধ্যমে নতুন সিলেট গড়া সম্ভব বলে মনে করেন তিনি।

তবে আওয়ামী লীগের কামরান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আজ আর স্বপ্ন নয়, সময়ের ব্যাপার। দেশের অগ্রগতি ও অতীতে যেভাবে নৌকার ওপর আস্থা রেখেছিলেন, আমার বিশ্বাস, ৩০ জুলাইয়ের নির্বাচনে তার অন্যথা হবে না। নৌকা বিজয়ী হলে সিলেটে বইবে উন্নয়নের জোয়ার।’

প্রবাসীদের সিলেটে বিনিয়োগে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগের কথা বলেছেন কামরান। এ ছাড়া প্রবাসীদের জন্য হেল্পডেস্কসহ অন্যান্য উন্নয়ন পরিকল্পনার ঘোষণা দেন তিনি। নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে ইশতেহারে। সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলদের যথাযথ সম্মান দিয়ে সবাইকে সরাসরি উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ভাবনাও তুলে ধরেন আওয়ামী লীগ প্রার্থী। বিদ্যুৎ-বিভ্রাট থেকে নগরবাসীকে বাঁচাতে পুরো নগরে পাতাল বিদ্যুৎ লাইন স্থাপন করার ঘোষণা দেন তিনি।

অন্যদিকে, পিছিয়ে পড়া দক্ষিণ সুরমার উন্নয়নে বিশেষ নজর দেওয়ার ঘোষণা রয়েছে আরিফুল হকের ইশতেহারে, যেটা অন্য কোনো প্রার্থী আলাদাভাবে করেননি।

বাসযোগ্য ও পরিচ্ছন্ন সিলেট নগর গড়ে তুলতে ২১ দফা নির্বাচনী ইশতেহার দেন সিপিবি-বাসদ মনোনীত মেয়র প্রার্থী মো. আবু জাফর। নির্বাচিত হলে ‘লুটপাট-দুর্নীতি ও অধিকারহীনতার’ নগরকে বাসযোগ্য সমৃদ্ধ নগরে গড়ে তোলার ঘোষণা দেন তিনি।

মোয়াজ্জেম হোসেন খান তাঁর ইশতেহারে সিলেট নগরীকে শান্তির নগরী গড়তে অশুভ স্বার্থবাদী সিন্ডিকেটকে ভাঙতে চান। আমূল পরিবর্তন আর সংস্কার করতে চান। এ জন্য সমন্বিত উদ্যোগের ঘোষণা দেন।

প্রার্থীদের ইশতেহার সম্পর্কে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সুজনের সঙ্গে প্রার্থীরা অঙ্গীকার করেছেন, নির্বাচিত হলে তাঁরা তাঁদের ইশতেহারের প্রতিজ্ঞাগুলো তাঁদের অফিসের সামনে টাঙিয়ে রাখবেন। আমরা আশা করি, ইশতাহের অঙ্গীকারগুলো বাস্তবায়নে সুনির্দিষ্ট সময় পরিকল্পনাও তুলে ধরবেন। জনগণের কাছে জবাবদিহি করবেন।’

রাজনৈতিক বক্তব্য, আবেগপ্রবণ পরিবেশ
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে নগরবাসীর কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক বক্তব্যও উঠে আসে। তৈরি হয় আবেগপ্রবণ পরিবেশ।

জামায়াতের প্রার্থীর ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে ২০-দলীয় জোটের প্রার্থী প্রসঙ্গে সাংবাদিকেরা প্রশ্ন তোলেন। জোটের ঐক্যের বিষয়টিও সামনে আসে। সেখানে মেয়র প্রার্থী আশা প্রকাশ করে বলেন, ভোটের আগেই বিএনপি প্রার্থী তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন। বুধবার সিলেটে এক সংবাদ সম্মেলনে ২০-দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ জামায়াত ইসলামীকে মেয়র প্রার্থী সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘জামায়াতের কারণে বিএনপির প্রার্থীর ক্ষতি হবে, ২০-দলীয় জোটের ঐক্যের ক্ষতি ব্যাপক আকার ধারণ করতে পারে। অনুরোধ করব, জামায়াত শেষ মুহূর্তে হলেও নমনীয় হয়ে বিএনপির পাশে দাঁড়াবে, প্রার্থী প্রত্যাহার করে নেবে।’

অলি আহমদের কথার পরিপ্রেক্ষিতে সাংবাদিকের প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব বলেন, ‘আমরা তো ২০-দলীয় জোটের প্রার্থিতা চেয়েছিলাম। আমাদের প্রত্যাশা, তারা আমাদের সমর্থন দেবেন। জোটের স্থানীয় পর্যায়ের অধিকাংশ নেতা এখানে উপস্থিত আছেন। উঠোন বৈঠক, গণসংযোগ, পথসভা—সবখানেই জোটের নেতারা আমাদের সঙ্গে থাকেন। তাই এখনো আমরা সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী।’

বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরানের ইশতেহারের কিছু অংশের সমালোচনা করেন। সেখানে আরিফুল বলেন, ‘তিনি যে ইশতেহার দিয়েছেন, তার অনেক কাজই আমি শুরু করেছি। অনেকগুলো প্রকল্পের কাজ শুরু হয়েছে বা হবে। যা-ই হোক, আমি যেটা আগেই ভেবেছি, সেটা তিনি এখন ভেবেছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ।’

অন্যদিকে, কামরানের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ৩৩ দফা ইশতেহার ঘোষণার বাইরে তেমন কোনো বক্তব্য ছিল না। তবে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। আবেগে কেঁদে ফেলেন। জানান, এটাই তাঁর শেষ নির্বাচন। কামরান বলেন, ‘আশা করি, উৎসবমুখর নির্বাচন হবে। আগামী নির্বাচন পর্যন্ত হয়তো আমি বেঁচে নাও থাকতে পারি। নির্বাচিত হলে মৃত্যুর আগে ভাবতে পারব, সিলেটের মানুষ আমাকে ভালোবেসে রায় দিয়েছে।’ সাংবাদিকদের সহায়তা চেয়ে কামরান বলেন, সাংবাদিকেরা তাঁদের লেখনীর মাধ্যমে কাউকে ওঠাতে পারেন। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সহায়তা চান তিনি।