পাবনায় দুঃসময়েও এক হতে পারেনি বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিটি গঠন নিয়ে বিভক্ত পাবনা জেলা বিএনপি দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ করছে। এক পক্ষ রাতে মিছিল করলে অন্য পক্ষ সকালে মিছিল করছে। দশম জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করাসহ দলের বর্তমান দুঃসময়ে কোনো কর্মসূচিতে দুই অংশ এক হতে পারছে না। ফলে একদিকে গ্রেপ্তার-আতঙ্ক, অন্যদিকে দলীয় বিভক্তিতে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে সাংগঠনিক কর্মকাণ্ড।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের জুনে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেয় কেন্দ্রীয় বিএনপি। তখন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে আহ্বায়ক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই কমিটি থেকে বাদ পড়েন কিছু নেতা-কর্মী। এতে বিভক্ত হয়ে পড়ে পাবনা জেলা বিএনপি। তৈরি হয় বিদ্রোহী অংশ। এক অংশের নেতৃত্বে রয়েছেন হাবিবুর রহমান। অন্য অংশে সর্বশেষ বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ও পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান নেতৃত্ব দিচ্ছেন। বিরোধ নিষ্পত্তি না করে ২০১২ সালের ২২ জানুয়ারি কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ১৭১ সদস্যবিশিষ্ট পাবনা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। নবগঠিত কমিটিতে কে এস মাহমুদকে সভাপতি, হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। এ কমিটি থেকে বাদ পড়েন বিদ্রোহী অংশের নেতা কামরুল হাসানসহ বেশ কয়েকজন। এতে বিদ্রোহী অংশ আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা একই বছরের ২৬ এপ্রিল ‘পাবনা জেলা বিএনপি রক্ষা কমিটি’ নামে অপর একটি কমিটি ঘোষণা করেন। এ কমিটির সভাপতি হন সর্বশেষ বিলুপ্ত কমিটির সভাপতি ও সাবেক সাংসদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হন কামরুল হাসান। এর পর থেকে পৃথকভাবে চলতে থাকে দলের দুই অংশের কর্মকাণ্ড।
দলের একাধিক নেতা-কর্মী জানান, মুক্তিযুদ্ধকালীন পাবনা জেলা মুক্তিবাহিনী ও মুজিব বাহিনীর প্রধান এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সাংসদ রফিকুল ইসলাম ১৯৯৩ সালের ১৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের প্রায় ২০ হাজার নেতা-কর্মীকে নিয়ে বিএনপিতে যোগ দেন। তখন থেকে শক্তিশালী হয়ে ওঠে পাবনা জেলা বিএনপি। একক আধিপত্য তৈরি করে ১৯৯৬ সালে তিনি বিএনপি থেকে সাংসদ নির্বাচিত হন। ২০০০ রফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মারা যান। সে সময় থেকে হালছাড়া হয় পাবনা জেলা বিএনপি।দলীয় কর্মসূচি পর্যালোচনা করে দেখা গেছে, বিভক্তির পর থেকে দলের দুই অংশ একবারের জন্যও একত্র হতে পারেনি। এক বছর ধরে পাবনা জেলা বিএনপি রক্ষা কমিটি ব্যানারে শহরের দলীয় প্রধান কার্যালয় দখলে রেখেছে বিদ্রোহী অংশ। সেখানে যেতে পারছেন না মূল অংশের নেতা-কর্মীরা। তাঁরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসের বাড়ি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছে। এক পক্ষ সকালে মিছিল-সমাবেশ করলে অপরপক্ষ করছে রাতে। জানতে চাইলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, ‘পাবনা জেলা বিএনপিতে কোনো বিরোধ নেই। বিএনপি রক্ষা কমিটি নামের কোনো সংগঠনের অস্তিত্ব দলে নেই। সংগঠন বিরোধী কর্মকাণ্ডে দল থেকে বহিষ্কৃত কিছু নেতা পৃথকভাবে এসব কর্মসূচি পালন করছেন, যা সংগঠনবিরোধী। আমরা কেন্দ্রীয় বিএনপিকে বিষয়গুলো জানিয়েছি।’
জেলা বিএনপির বিদ্রোহী অংশের নেতা ও পাবনা জেলা বিএনপি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য জেলা বিএনপি থেকে ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে কমিটি গঠন করেছে। ফলে দল থেকে ছিটকে পড়েছেন অনেক নেতা-কর্মী। বিএনপির জন্য তাঁদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে একত্র রাখতে জেলা বিএনপি রক্ষা কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রের প্রতিটি নির্দেশনা অনুসরণ করে দলীয় কর্মসূচি পালন করা হচ্ছে।