ফকিরহাটে বিএনপি ও কচুয়ায় আ.লীগ-সমর্থিত প্রার্থী অস্বস্তিতে
বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী ও জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য সরদার জাহিদকে নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের উৎসাহের কমতি নেই। প্রার্থীর জন্য ভোটারদের দরজায় তাঁরা দোয়া ও ভোট চাইতে যাচ্ছেন দল বেঁধে। কিন্তু ভোটারদের প্রশ্ন, চেয়ারম্যান হলে জাহিদ এলাকায় থাকবেন তো? সরদার জাহিদের একজন কর্মী এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের লড়াই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে। এ কারণেই মানুষ আমাদের প্রার্থীকে ভোট দেবেন।’
অবশ্য সরদার জাহিদ বলেন, ‘এলাকায় অবশ্যই থাকব। তা ছাড়া এটা তথ্যপ্রযুক্তির যুগ। এখন মানুষ প্লেনে বসেও অফিস করে।’ কচুয়া উপজেলায় বিএনপির প্রার্থী ভালো অবস্থায় থাকলেও অস্বস্তিতে আছেন ফকিরহাট উপজেলায় বিএনপি-সমর্থক দুই প্রার্থী শেখ কামরুল ইসলাম গোরা ও শেখ শরিফুল ইসলাম কারিম। কামরুল ইসলাম তৃণমূলে সর্বোচ্চ ভোট পেলেও বাগেরহাট জেলা কমিটি তাঁর বিপক্ষে অবস্থান নেয়। তাঁকে বহিষ্কারের চেষ্টা করলেও কেন্দ্রীয় বিএনপি তাতে সায় দেয়নি। কেন্দ্রের পক্ষ থেকে তৃণমূলের সিদ্ধান্ত মেনে সাবেক ওই উপজেলা চেয়ারম্যানকে মনোনয়ন দিতে বলা হয়েছে। কিন্তু জেলা কমিটি বিষয়টি পাশ কাটিয়ে গেছে।
কামরুল ইসলাম গোরা এই প্রতিবেদককে বলেন, ‘তৃণমূল ও কেন্দ্র উভয় স্থান থেকেই বিএনপি আমাকে সমর্থন দিয়েছে। কিন্তু বাগেরহাট জেলা কমিটির দু-একজন নেতা এই গণতান্ত্রিক সিদ্ধান্ত উপেক্ষা করার চেষ্টা করছেন। দলের প্রকৃত নেতা-কর্মীরা ভোটের মাধ্যমেই এই অন্যায়ের জবাব দেবেন।’
বিএনপি-সমর্থিত অপর প্রার্থী শেখ শরিফুল ইসলাম কারিম মনে করেন, তাঁর সঙ্গে তরুণ প্রজন্মের কর্মীরা আছেন। ব্যালটের মাধ্যমেই তিনি বিজয়ী হবেন।
স্থানীয় সাংসদ মীর শওকাত আলী বাদশার সঙ্গে বিরোধে জড়িয়ে কিছুটা কোণঠাসা অবস্থায় আছেন কচুয়ায় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান। ২২ ফেব্রুয়ারি দলীয় সভায় মাহফুজকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ‘এমপি-সমর্থক’ হিসেবে পরিচিত চেয়ারম্যান পদপ্রার্থী হাজরা দেলোয়ার হোসেন। মাহফুজুর রহমান বলেন, ‘এমপি সাহেব আমার মুরব্বি, তিনি আমার ভুল ক্ষমা করে দলের সবাইকে একসাথে কাজ করতে বলেছেন।’ ফকিরহাট উপজেলায় আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান সরদার নিয়ামত হোসেন। সরদার নিয়ামত গত বছর সন্ত্রাসীদের গুলিতে নিহত ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান খান জাহিদ হাসান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এই পরিস্থিতিতে নিহত জাহিদের সমর্থক আওয়ামী লীগের অনেক কর্মী শেষ পর্যন্ত দলের স্বার্থকে কতটা গুরুত্ব দেবেন, তা নিয়ে সংশয় রয়েছে।
তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাস বলেছেন, ‘আমরা দলের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছি। জাহিদ হত্যা মামলা আদালতে বিচারাধীন। বিচারে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আমরা কাউকে দোষী বলতে পারি না।’
উল্লেখ্য, কাল বৃহস্পতিবার বাগেরহাটের এ দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।