বাবুল আসামি না হলে নারাজি দেবেন শ্বশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসপির স্ত্রী হত্যা
এসপির স্ত্রী হত্যা

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার অভিযোগপত্র প্রস্তুত করেছে পুলিশ। তবে কার নির্দেশে এই খুনের ঘটনা, তা তদন্তে বেরিয়ে আসেনি। মাহমুদার বাবা-মা বাবুলকে সন্দেহ করলেও তদন্তে বিষয়টি উঠে আসেনি।

আজ মঙ্গলবার আলোচিত এই খুনের দুই বছর পূর্ণ হচ্ছে। যেকোনো দিন আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হতে পারে। তবে বাবুলকে আসামি করা না হলে অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করবেন তাঁর শ্বশুর মোশাররফ হোসেন।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে যাওয়ার সময় মাহমুদাকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। মামলাটি শুরু থেকে তদন্ত করছেন চট্টগ্রাম নগর ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান। তিনি বলেন, নিখোঁজ মুছা ও কালুকে পাওয়া গেলে হয়তো মাহমুদাকে কেন হত্যা করা হলো, তা স্পষ্ট হবে। মামলার অভিযোগপত্র কবে দেওয়া হতে পারে-এই প্রশ্নে তিনি বলেন, এখনো কিছু বলার সময় হয়নি। অভিযোগপত্র প্রস্তুত হয়েছে।

বাবুল জড়িত থাকার তথ্য পাওয়া গেছে কি না, সেই প্রশ্নেরও জবাব দেননি তদন্ত কর্মকর্তা। তদন্ত-সংশ্লিষ্ট পুলিশের তিন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বাবুলের সোর্স কামরুল সিকদার ওরফে মুছাকে পলাতক দেখিয়ে এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। তবে সেখানে বাবুলের নাম নেই। তিনি বাদীই থাকছেন। সেই হিসেবে তাঁকে মামলার সাক্ষীও করা হয়েছে।

মাহমুদার বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, কামরুল শিকদার ওরফে মুছার নেতৃত্বে মাহমুদাকে হত্যা করা হয় বলে আসামিরা স্বীকারোক্তি দিয়েছিলেন। মুছা বাবুলের সোর্স (তথ্যদাতা)। কিন্তু বাবুলকে যাতে আসামি করতে না হয়, সে জন্যই মুছাকে ধরছে না পুলিশ। বাবুলকে আসামি করা না হলে তিনি নারাজি দেবেন বলে জানান।