বিএনপি কখনো জামায়াত কখনো হেফাজতে ভর করে: বনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ
হাছান মাহমুদ

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, প্রধান বিরোধী দল বিএনপি গণতন্ত্র নস্যাত্ করে অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় আনার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।এজন্য তারা কখনো জামায়াতের ওপর, কখনো হেফাজতের অথবা জঙ্গিদের ওপর ভর করছে। কিন্তু তারা বুঝতে পারছে না, একদিন এই জঙ্গিরাই তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে।


আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বিরোধী দল বিএনপির দিকে অভিযোগ ছুড়ে দিয়ে বলেন, মিথ্যা বলে রাজনীতি করা বিএনপির মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে। তিনি বলেন, যাদের রাজনীতিই মিথ্যার ওপর প্রতিষ্ঠিত, তাদের মুখে মিথ্যা ছাড়া আর অন্য কিছু আশা করা অবান্তর।


হাছান মাহমুদ আরও  বলেন, দেশে আবার একসঙ্গে ৫০০ অথবা পাঁচ হাজার জায়গায় বোমা ফুটবে কি-না, আবার বাংলা ভাই আর তালেবান সৃষ্টি হবে কি না, তা দেশের মানুষকেই ঠিক করতে হবে।
মন্ত্রী আরও বলেন, যারা ক্ষমতায় থাকলে বিরোধী দলের নেত্রীকে প্রাণে মেরে ফেলার জন্য গ্রেনেড হামলা করে, বিরোধী দলের সংসদ সদস্য খুন হন, দেশের অর্থ বিদেশে পাচার হয়, হাওয়া ভবন সৃষ্টি করে চাঁদাবাজি ও কালো টাকার পাহাড় গড়ে তোলা হয়, জনগণ তাঁদের আর দেশের রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না। তারেক রহমানের সিঙ্গাপুরে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্য প্রসঙ্গে  হাছান মাহমুদ বলেন, মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না।তিনি বলেন, মির্জা সাহেব ভারমুক্ত হওয়ার জন্য যতই মিথ্যা বলে যান, দেশের মানুষের কাছে এটা পরিষ্কার যে ‘চোরের মায়ের গলা একটু বড়ই হয়’।

মন্ত্রী বলেন, বর্তমান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থায় ফিরে যাওয়ার আর সুযোগ নেই। তাই আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে। তিনি বলেন, বর্তমান সরকারের চার বছর ছয় মাসে দেশে প্রায় ছয় হাজার নির্বাচন হয়েছে। এসব নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। অতীতে এমন শান্তিপূর্ণ নির্বাচনের ইতিহাস নেই। আওয়ামী লীগ কারচুপি ও ষড়যন্ত্রে বিশ্বাস করে না।

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষক লীগের সহসভাপতি এম এ করিম, আওয়ামী লীগের নেতা জাকির হোসেন, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ।