বিএনপি-জামায়াত জোট বাংলা ভাষারও বিরোধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি-জামায়াত জোট শুধু দেশবিরোধী নয়, এরা বাংলা ভাষারও বিরোধী।
গতকাল শনিবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে ‘অম্বিকা ময়দানে নবনির্মিত ফরিদপুর কেন্দ্রীয় শহীদ মিনার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
এর আগে মন্ত্রী ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন। পরে মন্ত্রী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ উপলক্ষে ভাষাশহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মন্ত্রী বলেন, বাঙালি জাতির ঠিকানা শহীদ মিনার। বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নিয়েছে। কিন্তু গত বছরগুলোতে বিএনপি বা বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থেকে এই জাতীয় কোনো উদ্যোগ নেয়নি। তিনি আরও বলেন, ‘দেশের কিছু লোক দেশবিরোধী, তা আমরা জানি। কিন্তু তাঁর যে বাংলা ভাষারও বিরোধী, তা জানা ছিল না। কিন্তু ফরিদপুরে ৬৪ বছর পর পূর্ণাঙ্গ শহীদ মিনার নির্মাণ প্রমাণ করে তাঁরা বাংলা ভাষারও বিরোধী।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, আজ দেশে যে শিশুটি জন্মগ্রহণ করেছে, সে-ও জানে স্বাধীনতাযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে। কিন্তু এক নেত্রী শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক তুলেছেন। কেননা, তিনি নিজেই বিতর্কিত।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এখন আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তাই দেশে রাজনীতিও নেই। রাজনীতির খেলা বাঁচিয়ে রাখতে হলে আওয়ামী লীগের মধ্যে থেকেই ২২ জনের দল গঠন করে মাঠে নামার পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আগামীকালের (আজ) বিশ্ব ভালোবাসা দিবসে ‘আমরা ফরিদপুরকে ভালোবাসি’—এ প্রতিপাদ্য নিয়ে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘ভালোবাসা শুধু তরুণ-তরুণীর বিষয় নয়, আমরা সবাই সবাইকে ভালোবাসব। আমরা ফরিদপুরকেও ভালোবাসব, তাহলেই ফরিদপুরের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে।’
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সরদার সরাফত আলী বলেন, জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ, এলজিইডি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২০ লাখ টাকা খরচ করে এই শহীদ মিনার নির্মাণ করেছে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মানিক লাল দাস।