বিএনপি-জামায়াতের অপপ্রচারের উপযুক্ত জবাব দিতে ইউরোপের আওয়ামী লীগের নেতাদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোববার লন্ডনের একটি হোটেলে সাক্ষাৎ করেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতারা। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোববার লন্ডনের একটি হোটেলে সাক্ষাৎ করেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতারা। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতাদের বিদেশে দেশ ও সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের অপপ্রচারের উপযুক্ত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। রোববার সকালে অল ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতাদের একটি প্রতিনিধিদল এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হোটেল স্যুটে সাক্ষাৎ করতে এলে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় থাকতে অবৈধ উপায়ে বিপুল অর্থের মালিক হওয়া বিএনপি-জামায়াত চক্র এখন বিদেশে বিভিন্নভাবে দেশ ও সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তাই আপনাদের এর উপযুক্ত জবাব দিতে হবে।’

অল ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি অনীল দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক এম এ গনি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, অল ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রীকে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।

সংগঠনকে শক্তিশালী এবং নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে ওই নেতাদের দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর বিরূপ পরিস্থিতিতে ইউরোপে কীভাবে আওয়ামী লীগ গঠিত হয়েছিল তা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি ইউরোপীয় আওয়ামী লীগের বর্তমান নেতাদের সেই সময় ইউরোপে আওয়ামী লীগকে সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সেসব নিবেদিতপ্রাণ নেতাকে যথাযথভাবে মূল্যায়নের পরামর্শ দেন। তিনি বলেন, ‘নবীন ও প্রবীণ নেতৃত্বের মধ্যে সমন্বয়ের মাধ্যমে আওয়ামী লীগকে সামনে এগিয়ে যেতে হবে।’

শেখ হাসিনা বলেন, কেবল দেশের উন্নয়নের কারণে তিনি ব্যক্তিগতভাবে অনেক কষ্ট সহ্য করেছেন এবং বহু ত্যাগস্বীকার করেছেন।

প্রেস সচিব বলেন, সাক্ষাতে বেলজিয়াম, সুইডেন, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ইতালি ও ফ্রান্সের সিনিয়র আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

সোমবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব ও যুক্তরাজ্যে তাঁর আট দিনের সরকারি সফর শেষে সোমবার সকালে দেশ ফিরবেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি বিমান লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। বাংলাদেশ সময় সোমবার সকাল ৯টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণের কথা রয়েছে।