বিনা কারণে সড়কে পণ্যবাহী গাড়ি না থামানোর নির্দেশনা পুলিশ সদর দপ্তরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা তথ্য ছাড়া মাঠে কর্মরত পুলিশ সদস্যদের মহাসড়ক অথবা সড়কে চলাচলকারী পণ্যবাহী গাড়ি থামাতে নিষেধ করেছে পুলিশ সদর দপ্তর। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এম খুরশীদ হোসেনের সভাপতিত্বে আজ সকালে পুলিশ সদর দপ্তরে ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনাসংক্রান্ত এক ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। ওই সভা থেকে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সড়ক–মহাসড়কে চাঁদাবাজি রোধের নির্দেশনা দেওয়া হয়। সভায় সব মহানগরীর কমিশনার, রেঞ্জ উপমহাপরিদর্শক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে সভায় এম খুরশীদ হোসেন বলেন, ‘রোজা ও ঈদকে কেন্দ্র করে শপিং মল, মার্কেটের নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্ব দিন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বা গুজব ছড়িয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে ব্যাপারে তৎপর থাকারও নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।

আরও পড়ুন

সভায় সহকারী মহাপরিদর্শক (অপরাধ পূর্ব) মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী ফেব্রুয়ারি মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন। এতে দেখা যায়, জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে নারী ও শিশু নির্যাতন মামলা কিছুটা বেড়েছে। তবে দস্যুতা, খুন, দাঙ্গা, অপহরণ, পুলিশের ওপর হামলা, সিঁধেল চুরি ও চুরিসংক্রান্ত মামলা কমেছে।