বেশির ভাগই পুরোনো মুখ

>
- সোমবার থেকে বিএনপির প্রার্থীদের প্রত্যয়নপত্র দেওয়া শুরু
- ২০০১ ও ২০০৮ সালের প্রার্থীদের প্রাধান্য দিচ্ছে বিএনপি
- এবার শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে তেমন কেউ বাদ পড়েননি
- জোট সরকারের সময় বিতর্কিতদের অনেকে তালিকায় আছেন
- খালেদা তিন আসনে প্রার্থী, তিন আসনেই আছে বিকল্প প্রার্থী
২০০১ ও ২০০৮ সালের দলীয় প্রার্থীদের অধিকাংশই এবারও বিএনপির মনোনয়ন তালিকায় রয়েছেন। গতকাল সোমবার বিকেল থেকে বিএনপি দলীয় প্রার্থীদের প্রত্যয়নপত্র দেওয়া শুরু করে। তাতে দেখা যায়, মূলত ২০০১ সালের সংসদ নির্বাচনকে ভিত্তি ধরে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। গতকাল পর্যন্ত যেসব আসনে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে, তাতে বেশির ভাগই পুরোনো মুখ। এর মধ্যে চারদলীয় জোট সরকারের সময় বিতর্কিতদের অনেকেও আছেন। অনেক আসনে একাধিক প্রার্থী রাখা হয়েছে।
গতকাল মনোনয়নের চিঠিপ্রাপ্তদের মধ্যে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আবদুল আলীমের ছেলে ফয়সাল আলীমও রয়েছেন। তিনি জয়পুরহাট-১ আসনের প্রার্থী। নানান ঘটনায় বিতর্কিত আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মাওলা রনি। তিনি গতকাল বিএনপিতে যোগ দিয়েই পটুয়াখালী-৩ আসনের মনোনয়নের চিঠি পান।
চারদলীয় জোট সরকারের সময়েই ২০০৪ সালে বিএনপির মন্ত্রী আমিনুল হক, উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তখনকার সাংসদ নাদিম মোস্তফার বিরুদ্ধে জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করার অভিযোগ ছিল। এবারও এই তিনজন দলীয় মনোনয়ন পেলেন।
২০০৪ সালের এপ্রিল–মে মাসে রাজশাহী অঞ্চলের বাগমারা, রানীনগর ও আত্রাই উপজেলায় বাংলা ভাইয়ের নেতৃত্বে জঙ্গিরা ‘সর্বহারা’ দমনের নামে হত্যা–নির্যাতনসহ অরাজকতা কায়েম করে। বিএনপি আমলেই ২০০৬ সালের মার্চে গ্রেপ্তার হওয়ার পর বাংলা ভাই টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে যে জবানবন্দি দেন, তাতে আমিনুল হক, রুহুল কুদ্দুস তালুকদার ও নাদিম মোস্তফার সহযোগিতা পাওয়ার কথা বলেছিলেন।
বিএনপির মনোনয়ন প্রসঙ্গে নাগরিক অধিকার সংগঠন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘বিরোধী দলের মধ্যেও গুণগত পরিবর্তন দেখছি না। এখানে ভালো কিছু আশা করা দুরূহ।’
তিনি মনে করেন, প্রার্থী মনোনয়নে মূল বিবেচনা ছিল মাঠে টিকে থাকার বিষয়টি। এখানে যোগ্যতা, নৈতিকতা এ বিষয়গুলোর চেয়ে প্রতিপক্ষকে মাঠে মোকাবিলার বিষয়টি প্রাধান্য পেয়েছে। ফলে রাজনৈতিক কলুষতা অব্যাহত থাকবে।
দলীয় সূত্র জানায়, এবার শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে তেমন কেউ বাদ পড়েননি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকলেও তাঁকে তিনটি আসনে প্রার্থী করা হয়েছে। আসনগুলো হলো ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭। অবশ্য এই তিন আসনেই বিকল্প প্রার্থী রাখা হয়েছে।
এ ছাড়া স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১, মওদুদ আহমদ নোয়াখালী-৫, মির্জা আব্বাস ঢাকা-৮, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩, মঈন খান নরসিংদী-২, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচন করবেন। তাঁরা প্রত্যয়নপত্র নিয়েছেন। তবে স্থায়ী কমিটির চার সদস্য জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ নির্বাচন করছেন না।