ভোট নির্বিঘ্ন হলে উপজেলায় তিন-চতুর্থাংশতে জয়ী হবে বিএনপি: আমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমানউল্লাহ আমান
আমানউল্লাহ আমান

বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের দাবি, বর্তমান সরকার অবৈধ। দশম জাতীয় সংসদ নির্বাচন জনগণ বর্জন করেছে। গুলশানে ৬ শতাংশ, মিরপুরে ১০ শতাংশ, সার্বিকভাবে গড়ে ৫ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আসেননি। তিনি আরও বলেন, আগামী উপজেলা নির্বাচনে জনগণ যদি নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং নির্বাচন সুষ্ঠু হয়, তবে বিএনপি তিন-চতুর্থাংশ ভোটে জয়ী হতে পারবে।

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজ রোববার সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক মো. নাজিম উদ্দিন মাস্টারের বাসায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে আমান এসব কথা বলেন।

এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, ‘দলের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে নাজিম মাস্টারকে মনোনীত করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা দুইটি আসনে নির্বাচনী এলাকায় বিভক্ত। আমরা একমত হয়েই প্রার্থী নির্বাচন করেছি।’

উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক মো. নজিম উদ্দিন মাস্টার অভিযোগ করে বলেন, ‘আমার দলের নেতা-কর্মীরা আমার পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য ব্যানার তৈরির অর্ডার দিয়েছে। কিন্তু গত শনিবার সন্ধ্যার পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা ব্যানার তৈরির কারখানা থেকে সেই ব্যানার জোর করে ছিনিয়ে নিয়ে যায়।’

এ ব্যাপারে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ‘ব্যানার নিয়ে যাওয়ার বিষয়টি আমি জানি না।’ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করায় তিনি দলের পক্ষ থেকে তাদের সাধুবাদ জানান।