মিয়ার বদলে কারাগারে থাকা হাওলাদারকে জামিন দিলেন হাইকোর্ট
মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি মানিক মিয়ার বদলে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা মানিক হাওলাদারকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে এ মামলায় দণ্ডিত হিসেবে মানিক মিয়ার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শাতে বলেছেন আদালত।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। একই সঙ্গে ওই মামলার কেসডকেটসহ নথি তলব করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে নথি পাঠাতে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।
মানিক মিয়ার বদলে মানিক হাওলাদারের কারাভোগের অভিযোগ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশে বিচারিক অনুসন্ধান প্রতিবেদনের ওপর শুনানি নিয়ে আজ এ আদেশ দেওয়া হয়। বিচারিক অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, মানিক মিয়া ও গ্রেপ্তার হওয়া মানিক হাওলাদার একই ব্যক্তি নন। তাঁরা সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি।
প্রকৃত নাম ও ঠিকানা যাচাই না করে নামের মিলে মানিক হাওলাদারকে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে তাঁর স্ত্রী সালমা বেগম গত ২ মার্চ রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৮ মার্চ হাইকোর্ট রুলসহ বিচারিক অনুসন্ধানের নির্দেশ দেন।
প্রকৃত অপরাধীকে চিহ্নিত করতে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অনুসন্ধান করতে নির্দেশ দেওয়া হয়। ৩০ দিনের মধ্যে অনুসন্ধান করে হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়। সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ ও জেল সুপারকে এই অনুসন্ধানকাজে সহযোগিতা করতে বলা হয়। তার ধারাবাহিকতায় বিচারিক অনুসন্ধান প্রতিবেদন আজ আদালতে উপস্থাপন করা হয়।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী পার্থ সারথী রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
আইনজীবী পার্থ সারথি রায় প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্ট মানিক হাওলাদারের জামিন মঞ্জুর করেছেন। প্রায় সাত মাস পর মানিক হাওলাদার কারামুক্তি পেতে যাচ্ছেন। হাইকোর্ট ওই মাদক মামলার বাদী আব্দুল কাদের মীর ও তদন্ত কর্মকর্তা এ কে এম নাজমুল কাদেরের বক্তব্য নিতে শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন। আসামি চিহ্নিত করার বিষয়ে এই দুই পুলিশ কর্মকর্তার বক্তব্য নিয়ে তা চার সপ্তাহের মধ্যে হাইকোর্টে পাঠাতে বলা হয়েছে।’
মাদকের এক মামলায় মানিক মিয়া নামের এক ব্যক্তিকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে চার বছরের কারাদণ্ড দেন সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১। এর আগে মানিক মিয়া জামিন নিয়ে পলাতক হন।
মামলার সূত্রে নামের আংশিক মিল থাকায় গত বছরের ২৮ নভেম্বর মানিক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারে আছেন। এ অবস্থায় মানিক হাওলাদারের স্ত্রী রিট করেন।
নাম-পরিচয়ের সত্যতা যাচাই ছাড়া এ মামলায় মানিক হাওলাদারকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর আদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।
স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক, সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলারসহ বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়।
নথিপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মানিক হাওলাদারের বাবার নাম নজরুল ইসলাম। আর মানিক মিয়ার বাবার নাম ইব্রাহীম মৃধা। তবে মামলার নথিপত্রে মানিক মিয়ার বাবার নাম উল্লেখ আছে নজরুল হাওলাদার।
মামলার এজাহার ও থানা সূত্র জানায়, ২০০৯ সালের ২ জুন র্যাব অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে ফেনসিডিলসহ চার ব্যক্তিকে আটক করে। র্যাবের পক্ষ থেকে ওই দিন সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চার ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়। আসামিদের একজন শরীয়তপুরের ব্যাপারীকান্দি গ্রামের মানিক মিয়া। গ্রেপ্তারের কিছুদিন পর তিনি জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি পলাতক। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এই মামলার রায়ে চার আসামিকে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
শরীয়তপুরের সখীপুর থানা সূত্র জানায়, সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১-এ একটি মাদক মামলার চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মানিক মিয়া, পিতা নজরুল হাওলাদার, গ্রাম ব্যাপারীকান্দির নামে একটি গ্রেপ্তারি পরোয়ানা ২০১৯ সালের ২৩ অক্টোবর সখীপুর থানায় আসে। সখীপুর থানার পুলিশ গত বছরের ২৮ নভেম্বর এ থানার ব্যাপারীকান্দি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মানিক হাওলাদারকে গ্রেপ্তার করে।