মেঘনায় আবার দুই লঞ্চের সংঘর্ষ, আহত ৫

মেঘনা নদীতে আবার যাত্রীবাহী দুটি লঞ্চের সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চাঁদপুরের আলুবাজার ও ঈশানবালা এলাকার মধ্যবর্তী মেঘনা নদীতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত যাত্রীদের মধ্যে চারজনকে দিবাগত রাত ১টার দিকে চিকিৎসার জন্য চাঁদপুরে নামিয়ে দেওয়া হয়। তাঁদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যাত্রীদের ভাষ্য, বরিশালের হিজলা উপজেলা থেকে ঢাকা যাচ্ছিল এমভি প্রিন্স আওলাদ-৪। ঢাকার সদরঘাট থেকে পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিল এমভি টিপু-১২। দিবাগত রাত ১২টার দিকে মেঘনা নদী অতিক্রমের সময় লঞ্চ দুটির মধ্যে সংঘর্ষ হয়।
একটি লঞ্চের যাত্রী হিজলা উপজেলার বাসিন্দা আফজাল হোসেন বলেন, সংঘর্ষে এমভি প্রিন্স আওলাদ-৪ লঞ্চের পাঁচ যাত্রী আহত হন। দিবাগত রাত ১টার দিকে লঞ্চটি চাঁদপুরে গিয়ে আহত যাত্রীদের মধ্যে চারজনকে চিকিৎসার জন্য ঘাটে নামিয়ে দেয়।
এমভি টিপু-১২ লঞ্চের বরিশালের পরিদর্শক লিটু দাসের ভাষ্য, এমভি টিপু-১২ লঞ্চের সুকানের চেইন ছিঁড়ে যাওয়ায় নদীতে থামিয়ে তা মেরামত করা হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে এমভি প্রিন্স আওলাদ-৪ লঞ্চটি এসে পরে। এতে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুটি লঞ্চের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
গত রোববার গভীর রাতে মেঘনা নদীতে কীর্তনখোলা-১০ ও ফারহান-৯ নামের যাত্রীবাহী দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এতে দুই যাত্রী নিহত হন। আহত অন্তত ১০ জন।