২০২০ সালে যশোরে তিন কিশোরকে পিটিয়ে হত্যার মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তৎকালীন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর শাহানূর আলমের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
ওই মামলায় ৯ জুন হাইকোর্ট থেকে জামিন পান শাহানূর। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। শাহানূরের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফয়েজ।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের জামিনাদেশ স্থগিত হওয়ায় শাহানূরকে কারাগারেই থাকতে হচ্ছে।
রাষ্ট্রপক্ষ জানায়, ২০২০ সালের ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত কিশোরেরা হলো বগুড়ার শিবগঞ্জের তালিবপুর পূর্বপাড়ার নান্নু প্রামাণিকের ছেলে নাঈম হোসেন (১৭), একই জেলার শেরপুর উপজেলার মহিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রাসেল ওরফে সুজন (১৭) এবং খুলনার দৌলতপুর উপজেলার মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান (১৭)। আরও ১৫ কিশোর আহত হয়। ওই ঘটনায় কিশোর পারভেজ হাসানের বাবা খুলনার দৌলতপুর উপজেলার মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়া গ্রামের বাসিন্দা রোকা মিয়া যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তবে এজাহারে আসামিদের নাম উল্লেখ করা হয়নি।