রসরাজের জামিন আজ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে হামলার ঘটনায় দায়ের করা মামলার একটিতে গ্রেপ্তার হওয়া রসরাজ দাসের জামিন আজ মঙ্গলবারও হয়নি। অধিকতর শুনানি ও রসরাজ দাসের উপস্থিতিতে জামিনের শুনানির জন্য মামলার পরবর্তী তারিখ ১৬ জানুয়ারি ধার্য করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মিয়া আজ এ আদেশ দেন।

রসরাজ দাসের আইনজীবী নাসির মিয়া প্রথম আলোকে বলেন, রসরাজ দাসের জামিন আজ হয়নি। তাঁর উপস্থিতিতে অধিকতর শুনানির জন্য আদালত মামলার পরবর্তী তারিখ ১৬ জানুয়ারি ধার্য করেছেন।

রসরাজ দাসের মোবাইল ও মেমরি কার্ড নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরেনসিক বিভাগের সাইবার ক্রাইম ইউনিটের পাঠানো প্রতিবেদন গতকাল সোমবার আদালতে জমা দেওয়া হয়েছে। রসরাজের মোবাইল ও মেমরি কার্ডে আলামত ও নমুনার ছবিটির অস্তিত্ব পাওয়া যায়নি বলে নমুনা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রসরাজ দাসের আইনজীবী নাসির মিয়া প্রথম আলোকে বলেন, রসরাজ দাসের মোবাইল ফোন ও মেমোরি কার্ডে ধর্ম অবমাননাকর সেই ছবির আলামত ও নমুনার অস্তিত্ব পিবিআইয়ের সাইবার ক্রাইম ইউনিট পায়নি বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।

রসরাজ দাস ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের আছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরে মন্দির ও হিন্দুদের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে আরও কয়েক দফায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় আটটি মামলায় ১০৪ জন গ্রেপ্তার রয়েছেন।