শিল্পকলা একাডেমির ডিজিকে দুদকে জিজ্ঞাসাবাদ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকীকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ রোববার সকাল ১০টার দিকে লিয়াকত আলী রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আরিফ সাদেক। তিনি আজ সকালে প্রথম আলোকে বলেন, লিয়াকত আলীর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অনুসন্ধান করছে দুদক। আগে তাঁর কাছে নথিপত্র চাওয়া হয়েছিল। আজ সেই নথিপত্র যাচাইয়ের পাশাপাশি বক্তব্য জানতে তাঁকে ডাকা হয়েছে।
৬ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিমের সই করা এক নোটিশে লিয়াকত আলীকে সংস্থায় হাজির হতে তলব করা হয়।
নোটিশে লিয়াকত আলীকে আজ (১৬ জানুয়ারি) সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়।
এর আগে শিল্পকলা একাডেমির দুই অর্থ বছরের বাজেট ও ব্যয়সংক্রান্ত যাবতীয় নথিপত্র তলব করে চিঠি দিয়েছিল দুদক।
লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ২ জানুয়ারি জানায় দুদক।
দুদক সূত্র জানায়, অনুসন্ধানের লক্ষ্যে সংস্থার উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও সহকারী পরিচালক আফনান জান্নাতের সমন্বয়ে একটি দল গঠন করা হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় সংস্কৃতি কেন্দ্র হিসেবে পরিচিতি। এটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এক যুগ ধরে প্রতিষ্ঠানটির মহাপরিচালকের দায়িত্বে আছেন লিয়াকত আলী।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে লিয়াকত আলী লাকীর নিয়োগের পর ২০১১ সালের ৭ এপ্রিল, ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি, ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ সালের ২৭ মার্চ, ২০১৮ সালের ১৯ মার্চ ও সর্বশেষ ২০২০ সালের ১৩ এপ্রিল তাঁর চুক্তির মেয়াদ বৃদ্ধি করে সরকার।
লিয়াকত আলী লাকী ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা টিকরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর করেন। বুলবুল ললিতকলা একাডেমি থেকে উচ্চাঙ্গসংগীতে পাঁচ বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন।
লিয়াকত আলী লাকী নাট্যাভিনেতা, নাট্য নির্দেশক, নাট্যকার, সংগীতশিল্পী, সুরকার, সাংস্কৃতিক সংগঠক হিসেবে পরিচিত। নাট্যকলায় অবদানের জন্য ২০১৯ সালে একুশে পদক লাভ করেন তিনি।